×

ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

২০২৬ নভেম্বর ২০ ১০:১৬:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ শুক্রবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘরে জন্মগ্রহণ করেন তাঁদের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, নানা প্রতিকূলতা ও প্রায় ১৭ বছরের প্রবাসজীবন শেষে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে যুক্ত হয় নতুন অধ্যায়।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তারেক রহমানের বয়স ছিল মাত্র তিন বছর। সে সময় মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকেও গ্রেপ্তার করা হয়। তাঁর মা বেগম খালেদা জিয়া ও ছোট ভাই আরাফাত রহমান কোকোও সে সময় গ্রেপ্তার হন। কৈশোরেই বাবাকে হারান তারেক রহমান। এ ছাড়া রাষ্ট্রীয় দমন-পীড়নের অভিজ্ঞতা তাঁর জীবনকে স্বাভাবিক শিক্ষাজীবনের বাইরের এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি করে।

এরশাদবিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন তিনি।

শিক্ষাজীবনে ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তারেক রহমান। পরে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। এরপর বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। এ সময় তিনি স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন।

তবে সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির। এরশাদ সরকারের শাসনামলে রাজনৈতিক দমন-পীড়ন, বিরোধী আন্দোলন এবং তীব্র সেশনজটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি তিনি।

রাজনৈতিক প্রতিহিংসা, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দমন-পীড়ন এবং একের পর এক মামলার প্রেক্ষাপটে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান। সে সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় নিপীড়নের কারণে চিকিৎসার জন্য তাঁকে দেশত্যাগ করতে হয়।

তৎকালীন সরকার ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডে তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে। টানা ৫৫৪ দিন কারাগারে থাকার সময় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে, যার ফলে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দেশে ফিরে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকা এবং রাজনৈতিক মামলার কারণে তাঁকে বিদেশেই অবস্থান করতে হয়।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর প্রায় ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ব দিয়ে দলকে বিজয়ী করেন তিনি। পরে ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদরাসা ও এতিমখানা উত্তর বারিধারায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া দলীয় নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত