×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবের ৫ বিমানবন্দরে এক সপ্তাহে ১০ হামলা

২০২৬ অক্টোবর ১২ ১০:৫০:৪৮

সৌদি আরবের ৫ বিমানবন্দরে এক সপ্তাহে ১০ হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার এক দিন পর দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় চালানো এ হামলার বিষয়টি সোমবার (১২ অক্টোবর) নিশ্চিত করেছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ধারাবাহিকভাবে বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনায় দেশটির আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর দাম্মাম বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য কিংবা বিমান চলাচলে কী পরিমাণ বিঘ্ন ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাম্মাম বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সি। তাঁর দাবি, হামলায় লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা হয়েছে এবং বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়াহিয়া সারি আরও দাবি করেন, সৌদি আরামকোর শেদগুম গ্যাস স্থাপনা ও তানাজিব তেল স্থাপনাও তাঁদের হামলার লক্ষ্য ছিল। তবে এসব স্থাপনায় হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানায়নি।হুথিদের দাবি, ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলার জবাব দিতেই তারা এসব অভিযান চালিয়েছে।

এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশিও রয়েছেন। পরে রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরসহ সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর দাবি করে হুথিরা।

আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সৌদি আরবের পাঁচটি বিমানবন্দরে মোট ১০টি হামলার ঘটনা ঘটেছে। লক্ষ্যবস্তু হওয়া বিমানবন্দরগুলো হলো রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, আভা বিমানবন্দর, জিজান বিমানবন্দর ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দর।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, এসব হামলার মধ্যে রিয়াদের বিমানবন্দরে পাঁচটি এবং দাম্মামের বিমানবন্দরে দুটি হামলার ঘটনা ঘটেছে। অন্য হামলাগুলো চালানো হয়েছে আভা, জিজান ও নাজরান বিমানবন্দর লক্ষ্য করে। ধারাবাহিক এসব হামলায় সৌদি আরবের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত