×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দেশেই বিশ্বমানের চিকিৎসা, সেবার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি

২০২৬ অক্টোবর ১১ ১৭:৪৬:৫৮

দেশেই বিশ্বমানের চিকিৎসা, সেবার মান বাড়লে বিদেশমুখিতা কমবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। তবে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে চিকিৎসার জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরও কমবে।

রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করা উচিত। এতে তাঁরা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন।

সাক্ষাৎকালে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, দেশে এখন লিভার প্রতিস্থাপনের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে হেপাটাইটিস-বি রোগীর সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

এ সময় অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও সচিব ছাড়াও হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের সদস্য এবং লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত