×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৯ ১৫:৫২:১০

দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব প্রস্তুতি নিয়েছে সরকার: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ অক্টোবর শুরু হতে যাওয়া হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপনে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার রাতে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে মহানগর পূজা উদ্‌যাপন কমিটি ও বিভিন্ন পূজামণ্ডপের সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী সবার প্রিয় শহর। এখানকার মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। পূজা উদ্‌যাপনকারীরা যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। সভায় পূজা উপলক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিরা যেসব দাবি জানিয়েছেন, সেগুলো বাস্তবায়নেরও আশ্বাস দেন তিনি।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উৎসবের আনন্দ যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে, তা নিশ্চিত করতে হবে। বাড়ির আশপাশের কোনো দরিদ্র ও অসহায় শিশু যেন খাবার কিংবা নতুন পোশাকের অভাবে কষ্ট না পায়, সেদিকে সবাইকে নজর রাখতে হবে। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে উৎসব উদ্‌যাপন করতে হবে।

সবাইকে শান্তিপূর্ণভাবে পূজা পালনের আহ্বান জানিয়ে মো. মিজানুর রহমান মিনু বলেন, কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সতর্ক থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসনসহ সবাই পূজার আয়োজকদের পাশে রয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।

রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এ সময় পূজা সুষ্ঠুভাবে উদ্‌যাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয় তুলে ধরেন তাঁরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত