×

ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কর্মক্ষেত্রে সফল হতে দক্ষতা অর্জনের তাগিদ ববি হাজ্জাজের

২০২৬ অক্টোবর ০৯ ১২:৪৭:৫৩

কর্মক্ষেত্রে সফল হতে দক্ষতা অর্জনের তাগিদ ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদক: কর্মজীবনে সাফল্য অর্জনের জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ডিগ্রি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের অবদান নিশ্চিত করতে তাদের প্রযুক্তিগত জ্ঞান, ভাষাগত দক্ষতা ও বাস্তবভিত্তিক কাজের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) আয়োজিত দ্বিতীয় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। টেসলবিডি ও ইউল্যাব যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

ববি হাজ্জাজ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বায়ন ও আধুনিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন জরুরি।

দেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখার সীমাবদ্ধতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত ইংরেজি শিক্ষা ও চর্চায় এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। শ্রেণিকক্ষে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিতে শিক্ষকদেরও ভাষাগত দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

আন্তর্জাতিক গবেষণা, আধুনিক প্রযুক্তি ও পেশাগত তথ্যের বড় একটি অংশ ইংরেজিতে প্রকাশিত হয় উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভাষাগত দুর্বলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পারেন না। তবে ইংরেজি চর্চার পাশাপাশি নিজস্ব ভাষায় জ্ঞান ও প্রযুক্তিগত পরিভাষা সহজলভ্য করাও প্রয়োজন।

তরুণদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতায় গড়ে তুলতে পারলে তারা জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে। এ জন্য তরুণদের সম্মানজনক কর্মসংস্থান, স্থিতিশীল আয় এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মমুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলি ইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত