ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
সোমবার ইউপি নির্বাচনের ধাপ ও ভোটের দিন চূড়ান্ত করবে ইসি
নিজস্ব প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কোন ধাপে কখন ভোট হবে, তা আগামী সোমবার (১২ অক্টোবর) কমিশন সভায় নির্ধারণ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরুর বিষয়েও সিদ্ধান্ত নেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইউপি নির্বাচনের ভোটের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেন, আগামী সোমবার কমিশনের সভা রয়েছে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়টি ধাপে এবং কোন কোন সময়ে ভোট হবে, তা নির্ধারণ করে জানানো হবে। তবে কমিশন সরাসরি তফসিল ঘোষণা করবে না। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারাই তফসিল ঘোষণা করবেন। কমিশন শুধু কোন কোন ধাপে নির্বাচন হবে, সেই সময়সূচি জানিয়ে দেবে।
ইউপি নির্বাচন আয়োজনের সময়সীমা সম্পর্কে মো. সানাউল্লাহ বলেন, শুরুতে যে সময়সীমার কথা জানানো হয়েছিল, সেই সময়ের মধ্যেই সব ধাপের নির্বাচন শেষ করার আশা করছে কমিশন। এ বিষয়ে সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সেদিনই সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক সংলাপ শুরুর সময় সম্পর্কে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, সব কার্যক্রমই ধারাবাহিকভাবে চলবে। রাজনৈতিক সংলাপের বিষয়টিও আগামী সোমবারের কমিশন সভায় আলোচনা করা হবে।
ইউরোপীয় সহযোগিতা বাড়াতে আলোচনা
ইউরোপীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পোস্টাল ভোটসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি মো. সানাউল্লাহ। ইউরোপীয় পর্যবেক্ষণ মিশনের সুপারিশের ভিত্তিতে বিভিন্ন অংশীজনের জন্য সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।
মো. সানাউল্লাহ বলেন, ইউরোপীয় অংশীদারেরা আরও কোনোভাবে সহযোগিতা করতে পারেন কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। তাঁদের সহযোগিতার মেয়াদ চলতি বছরের শেষে শেষ হওয়ার কথা ছিল। তবে তাঁরা সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছেন এবং নির্বাচন কমিশনও সেই আগ্রহকে স্বাগত জানিয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কমিশনের সক্ষমতা বৃদ্ধি, জনবল, ডিজিটাল সক্ষমতা এবং অভিজ্ঞতা বিনিময়ের বিষয় রয়েছে। ভবিষ্যতে যৌথভাবে ভোটার শিক্ষা ও বিভিন্ন ধরনের জনসম্পৃক্ততা কার্যক্রম পরিচালনার সুযোগও রয়েছে।
ইসি সানাউল্লাহ বলেন, কমিশনের সহযোগিতার ক্ষেত্রগুলো ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কমিশনের সক্ষমতা, ডিজিটাল সক্ষমতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মতো বিষয় রয়েছে, যেগুলো নিয়ে কাজ চলছে।
তিনি আরও বলেন, এর বাইরে যৌথভাবে কাজ করার মতো আরও কিছু ক্ষেত্র রয়েছে। ভোটার শিক্ষা এবং বিভিন্ন ধরনের জনসম্পৃক্ততা কার্যক্রম এর মধ্যে অন্যতম। বিষয়গুলো আরও স্পষ্ট হলে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে।
ইউরোপীয় অংশীদারদের সহযোগিতা অব্যাহত থাকার বিষয়ে আশাবাদ জানিয়ে মো. সানাউল্লাহ বলেন, শুরুতে তাঁদের যে আগ্রহ ছিল, নির্বাচন কমিশনও তাতে সম্মতি জানিয়েছে এবং বিষয়টি স্বাগত জানিয়েছে। পরবর্তী সময়ে এ নিয়ে কাজ করা হবে এবং অংশীদার সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতার মেয়াদ বাড়বে বলে তাঁরা আশাবাদী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার