×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন বিধিনিষেধ

২০২৬ অক্টোবর ০৮ ১১:৩৮:২৮

রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় রাতের নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশকারীদের অবশ্যই সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে। নিরাপত্তার প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিচয়পত্র দেখতে পারবেন।

বুধবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের কোর্ট রুমে বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।

এ কারণে প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি এবং মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে এর আগে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি নজরে এসেছে।

এ ধরনের প্রবেশের কারণে সুপ্রিম কোর্ট এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই দেশের সর্বোচ্চ আদালত এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেককে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে ওই সময়ের মধ্যে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে এনআইডি কার্ড অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত