×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন এস জেড অপু

২০২৬ অক্টোবর ০৭ ১৪:১০:১৮

আন্তর্জাতিক ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন এস জেড অপু

পার্থ হক: বাংলাদেশের যুব নেতৃত্ব, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শিশু অধিকার, মানবিক সহায়তা, জলবায়ু ন্যায়বিচার, নির্মল বায়ু ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রায় ১৫ বছরের কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন বাংলাদেশের যুব সংগঠক ও জলবায়ু কর্মী এস জেড অপু।

ভারতের চণ্ডীগড়ের গোস্বামী গণেশ দত্ত এসডি কলেজে অনুষ্ঠিত ১৯তম গ্লোবাল ইয়ুথ পিস ফেস্ট ২০২৬-এ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ১০ জন যুব নেতৃত্বের মধ্যে এস জেড অপুকে এই পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তরুণ জলবায়ু কর্মী হিসেবে তিনি এ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।

গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মরিশাস ও নেপালসহ বিভিন্ন দেশের প্রায় ২০টি আন্তর্জাতিক প্রতিনিধি দল অংশ নেয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকেও ১৫০-এর বেশি প্রতিনিধি এতে অংশ নেন। বাংলাদেশ থেকে এস জেড অপু ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন তানজিদ জিসান।

পুরস্কার পাওয়ার পর এস জেড অপু বলেন, “এই স্বীকৃতির কৃতিত্ব আমার একার নয়, এটা বাংলাদেশের সেই তরুণ, স্বেচ্ছাসেবক ও যুব সংগঠকদের অর্জন, যারা মানুষের সংকটে পাশে দাঁড়িয়েছে এবং একটি ন্যায়ভিত্তিক ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের জন্য কাজ করছে। গত ১৫ বছরের পথচলায় যাঁরা আমার সঙ্গে কাজ করেছেন, তাঁদের সবার প্রতি আমি এই পুরস্কার উৎসর্গ করছি।”

তিনি বলেন, “বাংলাদেশের তরুণদের শক্তি শুধু স্বেচ্ছাসেবী কার্যক্রমে সীমাবদ্ধ নয়; তারা এখন জলবায়ু ন্যায়বিচার, নির্মল বায়ু, নবায়নযোগ্য জ্বালানি, ন্যায্য রূপান্তর এবং জলবায়ু সহনশীল শহর নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের আলোচনাতেও নেতৃত্ব দিচ্ছে। আমি চাই এই স্বীকৃতি আরও বেশি তরুণকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ তৈরি করুক এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করুক।”

এস জেড অপু ২০০৯ সাল থেকে শিশু অধিকার ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে যুব সংগঠিতকরণ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু বিষয়ে তাঁর কাজ বিস্তৃত হয়। করোনা মহামারি এবং ২০২২, ২০২৪ ও ২০২৬ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও খাদ্য সহায়তা দেওয়া এবং স্বেচ্ছাসেবকদের সংগঠিত করার বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত ছিলেন।

বর্তমানে তিনি আমরাই আগামী-এর পরিচালক (প্রোগ্রাম), দ্য আর্থ সোসাইটির প্রোগ্রাম অফিসার, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রোগ্রাম হেড এবং প্রচেষ্টা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেস্টের ‘ইয়ুথ ভয়েস: ক্লাইমেট জাস্টিস অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট সিটিজ’ শীর্ষক অধিবেশনেও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। এতে তানজিদ জিসান সঞ্চালক এবং এস জেড অপু আলোচক হিসেবে ছিলেন। অধিবেশনে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু সহনশীল শহর, নগর ঝুঁকি এবং তরুণদের নেতৃত্ব নিয়ে আলোচনা হয়।

তানজিদ জিসান বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনো সীমান্ত মানে না। তাই এই সংকট মোকাবিলায় তরুণদের আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়াতে হবে। বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কণ্ঠকে সামনে এনে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। চণ্ডীগড়ে বাংলাদেশের তরুণদের এই অংশগ্রহণ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এবং ভবিষ্যতে আরও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করবে বলে আমি মনে করি।”

চণ্ডীগড়ের পরিকল্পিত নগরায়ণ ও সবুজ পরিবেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে এস জেড অপু বাংলাদেশের শহরগুলোকে আরও বাসযোগ্য ও জলবায়ু সহনশীল করে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তাঁর আশা, এ আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের আরও তরুণকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজের সুযোগ করে দেবে এবং জলবায়ু ও সামাজিক সংকট মোকাবিলায় তরুণদের নেতৃত্বকে আরও দৃশ্যমান করবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত