×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

গার্মেন্টস-ওষুধ আমদানি বাড়াতে পারে আলজেরিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৫ ১৫:৪৬:৪২

গার্মেন্টস-ওষুধ আমদানি বাড়াতে পারে আলজেরিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আলজেরিয়াকে আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা আদান-প্রদানের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। উভয় পক্ষ মনে করেন, এই উদ্যোগ দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ভূমিকা রাখবে।

আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত উল্লেখ করেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে আলজেরিয়ার দৃঢ় আগ্রহের কথাও তিনি জানান।

এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক (গার্মেন্টস) ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার জন্য আলজেরিয়াকে আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন একজন আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, আলজেরিয়ার রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। এ সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর তিনি গুরুত্ব দেন।

বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ও আলজেরিয়া।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত