×

ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন শেরপুরের ফারাবি

২০২৬ অক্টোবর ০২ ১৮:০২:২৯

শিশুদের ‘নোবেল’ পুরস্কারের মনোনয়ন পেলেন শেরপুরের ফারাবি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনয়ন পেয়েছেন শেরপুরের ফারাবি জাবিন শায়রি (১৬)। শিশুদের ‘নোবেল’ হিসেবে পরিচিত এই পুরস্কারের জন্য তাঁর নাম এসেছে শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান এবং পথশিশুদের নিয়ে সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘদিন কাজ করার স্বীকৃতি হিসেবে।

গত বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় ফারাবি জাবিন শায়রির নাম প্রকাশ করা হয়।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের অধিকার রক্ষায় কাজ করা শিশুদের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে থাকে। এ বছর ৫৭টি দেশের ২৮০ জন শিশু এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ফারাবি জাবিন শায়রি শেরপুর সদরের বাসিন্দা। শেরপুরের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে তিনি প্রচারাভিযান চালিয়েছেন। পরে ঢাকায় তাঁর কাজের পরিধি বাড়িয়ে সরাসরি পথশিশুদের সঙ্গে কাজ শুরু করেন। শিশুদের অধিকার রক্ষায় তিনি একটি উদ্যোগও গড়ে তুলেছেন, যার মূল ভাবনা হলো—স্কুল হবে শিশুদের জন্য ‘দ্বিতীয় বাড়ি’।

এই উদ্যোগের অংশ হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘সেফ চাইল্ড ক্লাব’। সেখানে শিক্ষার্থীরা বাল্যবিবাহ, নির্যাতন কিংবা শিশুশ্রমের মতো বিষয় নিরাপদ পরিবেশে জানাতে পারে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

সাম্প্রতিক এক নির্বাচনের সময় পথশিশুদের নিয়ে ছোট ছোট ভিডিও তৈরি করেন শায়রি। ওই ভিডিওগুলোতে তুলে ধরা হয়, জাতীয় পর্যায়ে নানা অগ্রগতি হলেও পথশিশুদের জীবনযাত্রায় কোনো পরিবর্তন আসেনি।

মনোনয়ন পাওয়ার বিষয়ে শায়রি বলেন, ‘এই মনোনয়ন আমার জন্য শুধু একটি স্বীকৃতি নয়, বরং শিশুদের অধিকার নিয়ে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই আমি বিশ্বাস করি, পরিবর্তনের জন্য বড় হওয়ার অপেক্ষা করতে হয় না। শিশুরাও শিশুদের জন্য আওয়াজ তুলতে পারে। এই স্বীকৃতি আমাকে আরও বেশি শিশু ও তাদের অধিকার নিয়ে কাজ করার সাহস দেবে। পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত