ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

আজ রাষ্ট্রপতি নির্বাচন

২০২৬ আগস্ট ২০ ০৮:৫৭:৫৭

আজ রাষ্ট্রপতি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: নানা আলোচনা ও জল্পনার মধ্যে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। আগামীকাল শুক্রবার নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ, নির্বাচন কমিশন ও বঙ্গভবনের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচন ও শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, বিশ্বের মানুষ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। প্রায় সাড়ে তিন দশক পর দেশে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন হচ্ছে।

চলমান রাজনৈতিক বাস্তবতা, সংসদে সংখ্যাগরিষ্ঠতা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত এমন আলোচনা থাকলেও বিরোধী জোট অলি আহমদকে প্রার্থী করেছে। বিরোধী জোটের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই তারা নির্বাচনে প্রার্থী দিয়েছে। তাদের মতে, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে নির্বাচনের ফল ভিন্ন হতে পারত।

ইসির তথ্য অনুযায়ী, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার সংখ্যা সংসদের মোট আসনের চেয়ে একজন কম। এর মধ্যে বিএনপি জোটের সংসদ সদস্য ২৫০ জন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্য ৯০ জন। এ ছাড়া আটজন স্বতন্ত্র এবং ইসলামী আন্দোলনের একজন সংসদ সদস্য রয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে প্রয়োজন ১৭৫ ভোট।

সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। অসুস্থতার কারণে ভোট দিতে পারবেন না জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে সংসদ সদস্য না হওয়ায় অলি আহমদ ভোট দিতে পারবেন না।

সিইসি জানিয়েছেন, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই প্রকাশ্যে ভোট দেবেন। ব্যালটে ভোটারের নাম এবং তিনি কাকে ভোট দিয়েছেন, তা উল্লেখ থাকবে। ভোট দেওয়া ব্যালট সংসদ কক্ষে রাখা চারটি বাক্সের মধ্যে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। নির্বাচন কমিশনের ২০ কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করবেন।

নির্বাচন কমিশন ও সংসদ সূত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রথমে ভোট দেবেন। তাদের ভোটদান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনার সময়ও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে এবং সংসদ সদস্যরা গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। গণনা শেষে সবার সামনে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হবে।

সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনকে সরকারের দৃষ্টিতে ‘গণতন্ত্রের নতুন যাত্রা’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আপিল বিভাগে আবেদন করেছেন। তবে গতকাল ওই আবেদনের শুনানি হয়নি। নির্বাচন স্থগিত চেয়ে অন্য এক আইনজীবীর করা আরেকটি রিটও হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছেন।

সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা থাকলেও আজ সংসদ সদস্যদের ভোটের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার কথা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জেনে নিন আজকের বাজারে স্বর্ণের দাম

জেনে নিন আজকের বাজারে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত দামেই বুধবার স্বর্ণ বিক্রি হচ্ছে। গত শনিবার স্বর্ণের দাম ভরিতে... বিস্তারিত