ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
সিরাত না জানায় ইসলামকে কঠিন ধর্ম হিসেবে তুলে ধরছি: আজহারী
ডুয়া ডেস্ক: সিরাত বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণেই ইসলামকে একটি কঠিন ও নীরস ধর্ম হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি চিন্তাবিদ ও আলোচক মিজানুর রহমান আজহারী। তাঁর মতে, মহানবী (সা.) বিশ্বজগতের জন্য রহমত ও কোমলতার বার্তা নিয়ে এসেছিলেন।
বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান আজহারী বলেন, ইসলাম কেবল কিছু শুষ্ক আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়; এটি একটি প্রবহমান জীবনধারা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশ্বনবী (সা.)। তাঁর ভাষায়, একজন মানুষের ঈমান ততক্ষণ পূর্ণতা পায় না, যতক্ষণ না তার অন্তরে রাসুলুল্লাহর (সা.) প্রতি ভালোবাসা নিজের জীবন ও সব পার্থিব মোহের ঊর্ধ্বে স্থান পায়।
পোস্টে আজহারী উল্লেখ করেন, পৃথিবী যুগে যুগে অসংখ্য রাজাধিরাজ ও বিজেতার উত্থান-পতনের সাক্ষী হয়েছে। সময়ের প্রবাহে তাঁদের নাম ও মতবাদ অনেকটাই ম্লান হয়ে গেছে। তবে প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরুভূমিতে যে আধ্যাত্মিক যাত্রার সূচনা হয়েছিল, তার প্রভাব আজও মুমিনদের হৃদয়ে বিদ্যমান।
তিনি বলেন, মুসলিম উম্মাহ বর্তমানে স্মরণকালের অন্যতম সংকটময় সময় পার করছে। নৈতিক অবক্ষয়, শিক্ষা ও সাহিত্যে অনগ্রসরতা, বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চাৎপদতা, অপসংস্কৃতির বিস্তার এবং অর্থনৈতিক বৈষম্য সমাজকে প্রভাবিত করছে। আধুনিকায়নের আবরণে নিজেদের স্বকীয়তা ও আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলার বিষয়টিকেও তিনি সংকটের অন্যতম দিক হিসেবে তুলে ধরেন।
আজহারীর মতে, এই সামগ্রিক অবক্ষয়ের অন্যতম কারণ মৌলিক মানবিক ও নৈতিক শিক্ষার ঘাটতি এবং মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে দূরে সরে যাওয়া। তাঁর ভাষায়, রাসুলুল্লাহর (সা.) জীবন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন মানুষের অস্তিত্ব ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি আরও বলেন, কাউকে না চিনে প্রকৃত অর্থে ভালোবাসা সম্ভব নয়। রাসুলুল্লাহর (সা.) প্রতি গভীর ভালোবাসা তৈরির পথ তাঁর জীবন ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের মধ্য দিয়েই তৈরি হয়। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সুরা আহযাবের ২১ নম্বর আয়াত এবং সহিহ বুখারির ১৫ নম্বর হাদিসের উল্লেখ করেন।
সিরাত অধ্যয়নকে ‘উসওয়াতুন হাসানাহ’ বা উত্তম আদর্শের সন্ধানের পথ হিসেবে উল্লেখ করে আজহারী বলেন, মহানবী (সা.) চরম প্রতিকূলতার মধ্যেও আল্লাহর ওপর অবিচল আস্থা, মানুষের প্রতি দয়া ও ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন। উহুদের যুদ্ধ, তায়েফের ঘটনা এবং মানুষের প্রতি তাঁর ক্ষমাশীলতার উদাহরণ তুলে ধরে তিনি নবীজির (সা.) চরিত্রের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন।
মিজানুর রহমান আজহারী বলেন, মহানবী (সা.) শুধু একজন নবী বা ধর্মীয় প্রচারক ছিলেন না; তিনি একই সঙ্গে সমাজসেবক, সংস্কারক, স্বামী, নেতা ও বিশ্বস্ত বন্ধু হিসেবে মানবিক গুণাবলির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ প্রসঙ্গে তিনি সুরা কলমের ৪ নম্বর আয়াতের উদ্ধৃতি দেন।
বর্তমান সমাজের নৈতিক ও মানসিক সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি ও বাহ্যিক চাকচিক্যের অগ্রগতির মধ্যেও মানুষ ভেতরে ভেতরে একাকিত্ব, দিকভ্রান্তি ও শূন্যতার মধ্যে রয়েছে। তাঁর মতে, মহানবী (সা.)-এর চরিত্র ও জীবনাদর্শ এ সংকট থেকে উত্তরণের গুরুত্বপূর্ণ পথ দেখাতে পারে।
সিরাতকে বাস্তব জীবনের একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করে আজহারী বলেন, ব্যবসায়ী হলে মহানবী (সা.)-এর ‘আল-আমিন’ পরিচয় থেকে, রাষ্ট্রনায়ক হলে মদিনার নেতৃত্ব থেকে এবং পারিবারিক জীবনে তাঁর আচরণ থেকে শিক্ষা নেওয়া যায়। একই সঙ্গে তিনি বলেন, নবীজির (সা.) ইবাদতের বাহ্যিক দিকের পাশাপাশি তাঁর কোমল অনুভূতি, মানবিকতা ও সংকট মোকাবিলার কৌশল থেকেও শিক্ষা নেওয়া প্রয়োজন।
তিনি প্রশ্ন তোলেন, নিজেদের নবী-প্রেমিক দাবি করলেও ব্যক্তিজীবন, ব্যবসায়িক সততা, পারিবারিক সম্পর্ক ও প্রতিবেশীর সঙ্গে আচরণে নববি সুন্নাহর প্রতিফলন কতটা রয়েছে। তাঁর মতে, সিরাতচর্চা শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি স্তরে এর শিক্ষা ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
শেষে আজহারী বলেন, রাসুলুল্লাহর (সা.) জীবন গভীরভাবে অধ্যয়ন করে প্রকৃত শিক্ষা গ্রহণ করা গেলে জাতিকে সার্বিক ক্ষতি ও অবক্ষয় থেকে উত্তরণের পথে এগিয়ে নেওয়া সম্ভব। তাঁর মতে, ব্যক্তি থেকে সমাজ-সব পর্যায়ে সিরাতের শিক্ষা ছড়িয়ে দেওয়ার কোনো বিকল্প নেই।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি