ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

মির্জা ফখরুল ও অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করবেন আজ

২০২৬ আগস্ট ১৩ ১০:৪৮:৫৩

মির্জা ফখরুল ও অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করবেন আজ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ৩৫ বছর পর আবারও সংসদে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ক্ষমতাসীন বিএনপি এখনো প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে দলীয় সূত্রে মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে।

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুরে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এরপর বেলা ২টার দিকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে প্রার্থী করার উদ্যোগ নিয়েছে। তার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এবং আজ বেলা ১১টার দিকে তা জমা দেওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। এরপর ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশে সংসদীয় পদ্ধতির সরকার চালুর পর ১৯৯১ সালের ৮ অক্টোবর সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

১৯৯১ সালের সেই নির্বাচনে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সংসদ সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। বিএনপির সব সংসদ সদস্য দলীয় প্রার্থীকে ভোট দেন। স্বতন্ত্র সদস্য নূরুল ইসলাম মনি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও আবদুর রহমান বিশ্বাসকে ভোট দেন। অন্যদিকে গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেন।

ওই সময় রাষ্ট্রপতি নির্বাচনে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন তৎকালীন ইসি কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ। ৩৫ বছর আগের সেই নির্বাচন সম্পর্কে তিনি জানান, সেটিই ছিল প্রকাশ্য ভোটের প্রথম অভিজ্ঞতা। সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দিয়েছিলেন এবং দলগুলোর পোলিং এজেন্টরা কারা কাকে ভোট দিয়েছেন, তা পর্যবেক্ষণ ও নোট করেছিলেন।

১৯৯১ সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ সংসদে উপস্থিত থেকে ভোট পরিচালনা করেন। সংসদকক্ষের চারটি কক্ষে একযোগে বেলা ২টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট শেষে বিকেল ৫টা ৫ মিনিটে গণনা শুরু হয় এবং পৌনে ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। একই দিন ফলাফলের গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তারপরও জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী দেওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল রয়েছে। পাশাপাশি সংরক্ষিত নারী আসনে রয়েছেন ৫০ জন সংসদ সদস্য। সব মিলিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য সংসদ সদস্যের সংখ্যা ৩৪৯ জন।

এই ৩৪৯ এমপির মধ্যে সংরক্ষিত আসনসহ বিএনপির সদস্য ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। এ ছাড়া স্বতন্ত্র আটজন, এনসিপির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং ইসলামী আন্দোলন, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণপরিষদ, খেলাফত মজলিস ও জাগপার একজন করে সংসদ সদস্য ভোট দিতে পারবেন।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৯৯১ সালের পর দীর্ঘ বিরতিতে এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ আগস্টের ভোটাভুটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে এবং সাংবাদিকদের জন্য সংসদে বসার ব্যবস্থাও রাখা হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রিজার্ভ বেড়ে ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

রিজার্ভ বেড়ে ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফেরায়... বিস্তারিত