ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নির্বাসন পেরিয়ে আন্তর্জাতিক ফুটবলে আফগান নারী দলের নতুন যাত্রা
আন্তর্জাতিক ডেস্ক: তালেবান শাসনের কারণে নিজ দেশে ফুটবল খেলার অধিকার হারিয়েছিলেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। জাতীয় দল কার্যত ভেঙে যায়, খেলোয়াড়দের ছড়িয়ে পড়তে হয় বিশ্বের বিভিন্ন দেশে। দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর অবশেষে নিউজিল্যান্ডে, নিজ দেশ থেকে প্রায় ৮ হাজার মাইল দূরে, আবারও একত্রিত হয়েছেন তারা। শুধু মাঠে ফেরা নয়, ফিফার স্বীকৃতি পাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে নতুন করে যাত্রা শুরু করাও তাদের জন্য হয়ে উঠেছে এক ঐতিহাসিক অধ্যায়।
অকল্যান্ডে ম্যাচের আগে ড্রেসিংরুমে ছিল আবেগঘন পরিবেশ। দেয়ালে টাঙানো ছিল আফগানিস্তানের জাতীয় পতাকা, বাজছিল দেশাত্মবোধক গান। জাতীয় সংগীতের সুরে অনেক খেলোয়াড় আবেগাপ্লুত হয়ে পড়েন। কোচের উদ্বুদ্ধকরণ বক্তব্যের পর তারা মাঠে নামেন-যে মাঠে খেলার অধিকার একসময় তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল।
২৩ সদস্যের এই দলটি এখন ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে পরিচিত। নির্বাসিত আফগান নারী ফুটবলারদের নিয়ে গঠিত দলটি নিউজিল্যান্ডে প্রশিক্ষণ শিবিরে অংশ নেয় এবং কুক দ্বীপপুঞ্জের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, অধিকাংশ পেশা এবং সংগঠিত খেলাধুলায় নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। ২০০৭ সালে গঠিত আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলও কার্যত বিলুপ্ত হয়ে যায়। দলের অনেক সদস্য অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালসহ বিভিন্ন দেশে আশ্রয় নেন।
দীর্ঘদিনের প্রচারণার পর চলতি বছরের এপ্রিলে ফিফা সিদ্ধান্ত দেয়, তালেবান সরকারের অনুমোদন ছাড়াই এই নির্বাসিত দল ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারবে। এর ফলে অলিম্পিক ও নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশগ্রহণের পথও উন্মুক্ত হয়েছে।
দলের অন্যতম মিডফিল্ডার মানোজ নুরি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। কাবুলে বেড়ে ওঠা নুরি ছোটবেলায় ছেলেদের সঙ্গে রাস্তায় ফুটবল খেলতেন। পরিবারের বিরোধিতার কারণে দীর্ঘদিন মুখ ঢেকে খেলতে হয়েছে তাকে, যাতে কেউ চিনতে না পারে। পরে জাতীয় লিগ, চ্যাম্পিয়নশিপ ও ব্যক্তিগত পুরস্কার জিতলেও একটি টেলিভিশন সাক্ষাৎকারের মাধ্যমে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ হয়ে যায়।
নুরি জানান, তার বড় ভাই চেয়েছিলেন তিনি শিক্ষক বা চিকিৎসক হোন। ফুটবল খেলছেন জানতে পেরে ভাই ক্ষুব্ধ হন এবং পরিবারকে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। একসময় তিনি ফুটবল ছেড়ে দিলেও পরে আবার মাঠে ফেরেন। জার্মানিতে থাকা আরেক ভাই তাকে আর্থিকভাবে সহায়তা করেন।
তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছাড়ার আগে নিজের অর্জিত পদক ও ট্রফিগুলো বাড়ির বাগানে পুঁতে রেখে আসেন নুরি। সেগুলো এখনও সেখানে রয়েছে। তিনি বলেন, একদিন দেশে ফিরে সেগুলো তুলে আনবেন।
অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পর তিনি তার মা ও বোনকেও নিরাপদে সেখানে নিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে তার বোন আবার পড়াশোনার সুযোগ পেয়েছেন। নুরির আশা, একদিন তার বড় ভাইও উপলব্ধি করবেন যে ফুটবল খেলা কোনো অপরাধ নয়।
দলের আরেক সদস্য মুরসাল সাদাত বলেন, তিনি যদি ফুটবলার না হতেন, তাহলে হয়তো এখনও আফগানিস্তানে থেকে লাখো মেয়ের মতো পড়াশোনা, মতপ্রকাশ কিংবা নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত থাকতেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় ফুটবল কোচ হিসেবে কাজ করার পাশাপাশি শরণার্থী ও নারীর অধিকার নিয়ে কাজ করছেন।
ডিফেন্ডার নাজমা আরেফি বলেন, আফগানিস্তানে মেয়েদের প্রায়ই সবচেয়ে প্রতিকূল সময়ে অনুশীলন করতে হতো। কখনও ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও অনুশীলন করেছেন তারা। পরে তার দল জাতীয় চ্যাম্পিয়ন হলে হেরাত শহরে নারী ফুটবল নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। বর্তমানে তিনি ইংল্যান্ডের ডনকাস্টারে বসবাস করছেন এবং অপরাধবিজ্ঞান বিষয়ে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলছেন।
বিবিসির প্রশ্নে তালেবানের ক্রীড়া পরিচালক আহমাদুল্লাহ ওয়াসিক নারী দল নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তিনি ফিফার প্রতি আফগানিস্তানে ফুটবল কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান।
অকল্যান্ডে কুক দ্বীপপুঞ্জের বিপক্ষে প্রথম ম্যাচে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে যায় আফগান দল। তবে খেলোয়াড়দের কাছে এই দুটি পরাজয় বড় বিষয় নয়। তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো-নির্বাসন, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং বছরের পর বছর অনিশ্চয়তার মধ্যেও তারা হারিয়ে যাননি। আবার মাঠে ফিরে তারা প্রমাণ করেছেন, আফগান নারীদের স্বপ্নকে দমিয়ে রাখা যায় না।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি