ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ, যা বলছে বিএনপি

২০২৬ আগস্ট ০৫ ১৫:৪৬:৫৫

জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ, যা বলছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত ও মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁদের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ–সংক্রান্ত কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত ও মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

হামলার শিকার জাকির হোসেন মিন্টু (আদর) বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার আগ থেকেই সেখানে হট্টগোল চলছিল। তাঁর ভাষ্য, তখন বলা হচ্ছিল শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই এবং সেখানে কোনো আন্দোলনও হয়নি। পরে তিনি অনুষ্ঠানের ভেতরে প্রবেশ করলে তাঁকে লক্ষ্য করে ‘তুই কে’ বলা হয় এবং এরপরই তাঁর ওপর হামলা চালানো হয়। তিনি দাবি করেন, মারধর করতে করতে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয় এবং এতে তিনি মাথায় আঘাত পান।

একই অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, জেলা প্রশাসকের আমন্ত্রণে তাঁরা রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক টিপু মাদবরসহ কয়েকজন নেতাকর্মী তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করতে করতে অনুষ্ঠান থেকে বের করে দেন। এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ঘটনাস্থলে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।

অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, ৫ আগস্টের আন্দোলনে বিএনপির অবদান সবচেয়ে বেশি। তাঁর অভিযোগ, তারেক রহমানের পরিবারকে নিয়ে ইমরান আল নাজিরসহ এনসিপির নেতাকর্মীরা নিয়মিত কটূক্তি করেন এবং ওই দিনও একই ধরনের বক্তব্য দেন। এর প্রতিবাদ করতে গিয়ে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান চলাকালে কোনো ঘটনা ঘটেনি; তবে এর আগে কিছু ঘটে থাকতে পারে। তিনি বলেন, পুরো অনুষ্ঠান সকল জুলাই যোদ্ধাকে নিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন এবং পুরো ঘটনা জেনে পরে মন্তব্য করবেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাজারে আজকের স্বর্ণ ও রুপার দাম প্রকাশ করা হয়েছে। ক্যারেটভেদে স্বর্ণ ও রুপার দামে পার্থক্য রয়েছে। আজকের স্বর্ণের... বিস্তারিত