ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

রাতে ঘুম আসে না? জেনে নিন সমাধানের সঠিক নিয়ম

২০২৬ জুলাই ২৯ ১৯:৫০:১৭

রাতে ঘুম আসে না? জেনে নিন সমাধানের সঠিক নিয়ম

ডুয়া ডেস্ক: অতিরিক্ত দুশ্চিন্তা, অফিসের চাপ, মানসিক অস্থিরতা কিংবা রাতে ঘুম না আসা—এসব এখন শহুরে জীবনের পরিচিত সমস্যা। দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাজ করা, অনিয়মিত জীবনযাপন এবং মানসিক চাপের কারণে অনেকেই স্বাভাবিক ঘুম থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসকদের মতে, শরীরের নিজস্ব একটি জৈবঘড়ি রয়েছে। ক্ষুধার যেমন নির্দিষ্ট সময় আছে, তেমনি ঘুমেরও একটি নির্দিষ্ট সময় রয়েছে। সেই সময়ে ঘুম না এলে ধীরে ধীরে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ঘুমের ওষুধের ওপর নির্ভর করেন। তবে চিকিৎসকদের মতে, এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া গুরুতর হতে পারে। এর পরিবর্তে নিয়মিত মেডিটেশন ও যোগব্যায়াম চর্চা ঘুমের মান উন্নত করতে সহায়ক হতে পারে। যোগ প্রশিক্ষকদের পরামর্শ অনুযায়ী, নিয়মিত বীরভদ্রাসন অভ্যাস করলে ঘুমের সমস্যা দ্রুত কমতে পারে। পাশাপাশি এই আসনের আরও নানা স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে।

বীরভদ্রাসন কী?

‘বীরভদ্রাসন’ একটি সংস্কৃত শব্দ। পুরাণ মতে, শিবের ক্রোধ থেকে জন্ম নেওয়া যোদ্ধা বীরভদ্রের ভঙ্গিমা থেকেই এই আসনের নামকরণ। ইংরেজিতে এটি ওয়ারিয়র পোজ (Warrior Pose) নামে পরিচিত। মূলত শক্তি, সাহস এবং মানসিক স্থিরতা বৃদ্ধির জন্য এই আসন অনুশীলন করা হয়।

যেভাবে করবেন

প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে দুই পা সামান্য ফাঁক করুন। এরপর ডান পা সামনে এনে হাঁটু ৯০ ডিগ্রি কোণে ভাঁজ করুন। বাঁ পা পেছনে সোজা রেখে পায়ের আঙুল বাইরের দিকে ঘুরিয়ে রাখুন।

এরপর দুই হাত মাথার ওপর তুলে তালু মিলিয়ে নিন অথবা দুই পাশে সোজা প্রসারিত করুন। কোমর থেকে শরীরের ওপরের অংশ একদিকে ঘুরিয়ে নিন এবং যে পাশে ঘুরছেন, সেই পাশের হাঁটু ধীরে ধীরে আরও ভাঁজ করুন। পেছনের পা ও শরীর সোজা রেখে ওপরের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিন। এভাবে প্রায় ২০ সেকেন্ড অবস্থান করার পর অন্য পায়ে একইভাবে আসনটি অনুশীলন করুন।

উপকারিতা

নিয়মিত বীরভদ্রাসন অনুশীলনে ঘাড় ও কাঁধের পেশি মজবুত হয় এবং শরীরের গঠন সুন্দর রাখতে সহায়তা করে। পিঠ ও কোমরের ব্যথা কমাতে এটি কার্যকর বলে মনে করা হয়। সায়াটিকার ব্যথা থাকলেও উপকার পাওয়া যেতে পারে।

এ ছাড়া এই আসন রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, শরীর ও মনকে ক্লান্ত করে স্বাভাবিক ঘুম আসতে সহায়ক ভূমিকা রাখে। একই সঙ্গে মেরুদণ্ড, হাত ও পায়ের পেশি শক্তিশালী হয় এবং নিয়মিত অনুশীলনে অতিরিক্ত ক্যালোরি ঝরাতেও সহায়তা করতে পারে।

যাদের জন্য উপযোগী নয়

বীরভদ্রাসনের নানা উপকারিতা থাকলেও এটি সবার জন্য উপযুক্ত নয়। হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, হাঁটুতে অস্ত্রোপচার হয়ে থাকলে অথবা আর্থ্রাইটিসের চিকিৎসা চললে এই আসন না করাই উত্তম। এছাড়া অন্তঃসত্ত্বা নারীদের প্রশিক্ষকের পরামর্শ ছাড়া এই আসন অনুশীলন করা উচিত নয়।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি... বিস্তারিত