×

ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য

২০২৬ নভেম্বর ১৮ ২১:০২:০০

মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজারের বেশি শিক্ষক পদ শূন্য

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শূন্য পদ পূরণের লক্ষ্যে পদগুলোর তালিকা প্রস্তুত করে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) প্রস্তাব পাঠানোর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো হয়েছে। অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে শিক্ষক সংকটের কারণে ব্যাহত পাঠদান স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত ২৬ হাজার ৬৮১টি শিক্ষক পদের মধ্যে ১১ হাজার ৯৮৪টি পূরণ হয়েছে। বর্তমানে শূন্য রয়েছে ১৪ হাজার ৬৯৭টি পদ।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুমোদিত ২ লাখ ৫০ হাজার ৩০৮টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন। ফলে এসব প্রতিষ্ঠানে শিক্ষক পদ শূন্য রয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৩টি।

শিক্ষক সংকট নিরসনে সরকারি নিয়োগ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসব নিয়োগপ্রক্রিয়া শেষ হলে শূন্য পদ পূরণে অগ্রগতি হবে বলে উল্লেখ করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় আবারও কমেছে সোনা ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত