ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

২০২৬ জুলাই ০২ ১২:৩১:৩৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে শিক্ষকদের চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন ব্যবস্থা করা উচিত, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। আর যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আগে চাকরি ছেড়ে দিতে হবে। একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে করা বিনিয়োগ যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন’-এর ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট’ ও ‘মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে যেসব বিনিয়োগ করা হচ্ছে, সেগুলো যেন কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘এখন আমি বাংলায় শুধু এটুকুই বলব, আমি মনে করি আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশগ্রহণ না করেন এবং সরকার যেন এ ধরনের একটি আইন তৈরি করে। শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে যেন না যান। যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে তারা যেন আগে চাকরি ছেড়ে দেন।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষকদের যে প্রশিক্ষণ ব্যবস্থা এবং শিক্ষকদের উন্নয়নের জন্য আমরা যে বিনিয়োগগুলো করছি, সেগুলো যেন যথাযথভাবে হয়। আমরা যেন আগামী দিনে একটি সুন্দর জাতি গঠন করতে পারি-এই প্রত্যয় নিয়েই আজকের প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সেই প্রত্যয়ের সার্থকতা আমরা সবাই যেন নিশ্চিত করতে পারি। শিক্ষা মন্ত্রণালয়ের অবদান এই জাতির জন্য সর্বোচ্চ হতে হবে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামী দিনের বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে।’

বক্তব্যের শেষাংশে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই এসেছেন এবং আগ্রহসহকারে আজকের অনুষ্ঠানটি শুনেছেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ