ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড

২০২৬ জুন ২৪ ১৫:৪৩:৫৯

অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড

বিনোদন ডেস্ক: স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলাটির তদন্তের স্বার্থে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার (২৪ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা।

এর আগে গত ২১ জুন ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, ইকরাকে উদ্দেশ্য করে আলভী ফেসবুকে অপমানজনক, উস্কানিমূলক ও মানসিকভাবে আঘাতমূলক বিভিন্ন পোস্ট দিতেন। এছাড়া বিবাহিত থাকা সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উস্কানিমূলক মন্তব্যসহ ফেসবুকে পোস্ট দেন তিনি। মামলার রহস্য উদঘাটন এবং অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফরা ইবনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক ও স্বজনদের সহায়তায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই রাতেই ইকরার বাবা কবির হায়াত খা মামলা দায়ের করেন। মামলায় দাবি করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। এ মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত