ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জনগণের উন্নয়নে আত্মীয় বা নেতাকর্মী কাউকে চিনি না: শামা ওবায়েদ

২০২৬ মার্চ ১৪ ০০:০০:৪১

জনগণের উন্নয়নে আত্মীয় বা নেতাকর্মী কাউকে চিনি না: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ এবং এলাকাবাসীর কল্যাণের প্রশ্নে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রভাবকে প্রশ্রয় দেওয়া হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ। তিনি বলেন, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হলে পরিবার-পরিজন ও নেতাকর্মীর ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরকান্দার তালমা, ডাঙ্গি ও রামনগর ইউনিয়ন বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।

শামা ওবায়েদ বলেন, “জনগণের স্বার্থে এবং আমার নির্বাচনী এলাকার উন্নয়নে আমি কোনো আত্মীয়স্বজন বা নেতাকর্মী চিনি না। আমার সবচেয়ে বড় আপনজন হলো আমার এলাকার সাধারণ মানুষ। তাদের ভালো রাখতে হলে সব লোভ-লালসা ও ব্যক্তিগত সম্পর্ক ত্যাগ করে সেবায় নিয়োজিত হতে হবে।”

তিনি আরও জানান, তাঁর নাম ব্যবহার করে যাতে কেউ কোনো অনৈতিক সুবিধা নিতে না পারে, সে জন্য ইতোমধ্যে প্রতিটি সরকারি দপ্তরে কঠোর নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়েছে। তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “আমার নাম ভাঙিয়ে বা আমার অজ্ঞাতে যদি কেউ কোনো তদবির বা অন্যায় কাজ নিয়ে যায়, তবে তা সরাসরি প্রত্যাখ্যান করবেন। কোনো ধরনের অপকর্মকে প্রশ্রয় দেওয়া হবে না।”

জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের কথা স্মরণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। এতদিন যে সংসদ অকার্যকর ছিল, তা এখন ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।” তিনি সংসদকে কার্যকর করে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত