ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শুভেচ্ছা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না: শিক্ষামন্ত্রী

২০২৬ মার্চ ১৩ ১৭:৫৬:২৭

শুভেচ্ছা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষক ও শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে শুভেচ্ছা বা সংবর্ধনা না জানাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে কোনো শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের রোদে পুড়িয়ে বা সড়কের পাশে দাঁড় করিয়ে এ ধরনের কোনো আয়োজন করতে পারবে না।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। এর আগে অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে দেখে মন্ত্রী তাৎক্ষণিকভাবে অসন্তোষ প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমাকে একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করতে হবে। আমার জন্য কোনো শিক্ষার্থীকে রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না। কোনো শিক্ষক কখনো আমার জন্য শিক্ষার্থীদের দাঁড় করাবেন না। আমি যেখানে যাবো, সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলে তা গ্রহণযোগ্য হবে না।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি পরম মমতায় বলেন, “তোমরা আর কখনো রোদের মধ্যে রাস্তায় দাঁড়াবে না। তোমাদের রাস্তায় এসে শুভেচ্ছা জানানোর দরকার নেই। শিক্ষার্থীদের কষ্ট দিয়ে কোনো ধরনের সংবর্ধনা আয়োজনের প্রয়োজন নেই। আমি নিজেই স্কুলে স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো।”

পরে মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, কচুয়া থানার ওসি মো. বোরহান উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত