ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের বিমানঘাঁটি ও গোয়েন্দা সদরদপ্তরে ইরানের হামলা

২০২৬ মার্চ ১২ ১৫:১৯:৫৮

ইসরায়েলের বিমানঘাঁটি ও গোয়েন্দা সদরদপ্তরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোয়েন্দা সংস্থার একটি কার্যালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তেল আবিবসহ বিভিন্ন স্থানে লক্ষ্যভিত্তিক এ হামলা পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। এতে বলা হয়েছে, ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দুটি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিপ্লবী গার্ড বাহিনী ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর ইভনের পশ্চিমে অবস্থিত পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশের আঘাত তুলনামূলকভাবে হালকা বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৫ জনে।

অন্যদিকে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিমানবন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত