ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২
দিল্লিতে সমন্বয়ক মাহদীকে জেরা: নেপথ্যে চাঞ্চল্যকর সব তথ্য
নিজস্ব প্রতিবেদক: দিল্লিতে পর্তুগালের ভিসা নিতে গিয়ে আচমকা নজরদারি ও জেরার মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। সামাজিক মাধ্যমে তাকে ঘিরে আগেই বিতর্ক ছিল; দিল্লিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। শেষ পর্যন্ত তিনি বুধবার বিকেলে বাংলাদেশে ফিরে আসেন।
প্রায় এক মাস আগে শায়েস্তাগঞ্জ থানায় ওসি আবুল কালামকে উদ্দেশ করে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি দাবি করেছিলেন, তারা বানিয়াচং থানা পুড়িয়েছেন এবং এস আই সন্তোষ চৌধুরীকে জ্বালিয়ে দিয়েছেন। এ বক্তব্য ঘিরে সমালোচনা তৈরি হলে জানুয়ারিতে তাকে গ্রেফতার করা হয়। পরে সমর্থকদের বিক্ষোভের মুখে মুক্তি দেওয়া হলে তা নিয়েও বিতর্ক দেখা দেয়।
সম্প্রতি তিনি পর্তুগালের ভিসা আবেদনের জন্য ভারতের রাজধানী দিল্লিতে যান। জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের সে ভিসার জন্য দিল্লিতে আবেদন করতে হয় এবং সে কারণে ভারতীয় ভিসা নিয়েই তিনি সেখানে গিয়েছিলেন। নিউ দিল্লি রেলস্টেশনের কাছের পাহাড়গঞ্জ এলাকায় একটি হোটেলে তিনি ও তার এক আত্মীয়া ওঠেন।
মঙ্গলবার সকালে কনট প্লেসের একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে তাকে দেখা যায়। সেখানে অপেক্ষার সময় কেউ তার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এরপরই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় হয়ে ওঠে বলে একাধিক সূত্র জানিয়েছে।
বিবিসি বাংলা এমন দুজন ব্যক্তির সঙ্গে কথা বলেছে, যারা পুরো ঘটনাপ্রবাহ সম্পর্কে অবগত। তাদের নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, মাহদী হাসানকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়নি। তবে তাকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, ‘ভারত-বিরোধী কথা বলে এবং বাংলাদেশের এক হিন্দু পুলিশ কর্মকর্তাকে মেরে ফেলার প্রকাশ্য দাবি করে- এমন কোনো ব্যক্তিকে ভারতে অবস্থান করতে দেওয়া হবে না। তাকে এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে, নিজের দেশেই ফিরে যাওয়া ছাড়া তার অন্য কোনো উপায় নেই।’
সূত্রগুলোর বর্ণনায় জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে শনাক্ত করা হয়। কিছুক্ষণের মধ্যেই তার ফোনে ভারত ও বাংলাদেশ থেকে একাধিক অচেনা নম্বর থেকে কল আসতে শুরু করে। এতে তিনি বুঝতে পারেন যে পরিস্থিতি স্বাভাবিক নেই। একই সময়ে তার ওপর নজরদারি শুরু হয়।
ভিসা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি পুরনো দিল্লির জামা মসজিদ এলাকায় যান। পরে বাংলাদেশ থেকে পরিচিত কেউ তাকে জানায় যে তিনি চিহ্নিত হয়েছেন। এরপর তিনি দিল্লির বিভিন্ন স্থানে থাকার চেষ্টা করলেও কেউ রাজি হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।
একটি সূত্রের দাবি, মাহদী হাসান দিল্লি থেকেই পর্তুগালের রাজধানী লিসবনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। খরচের জন্য তিনি ক্রিপ্টো-কারেন্সি সঙ্গে এনেছিলেন বলেও দাবি করা হয়, যার পরিমাণ বাংলাদেশি টাকায় ৪০ লক্ষাধিক। তবে অন্য সূত্র এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি।
পরিস্থিতি জটিল হওয়ায় তাকে পরামর্শ দেওয়া হয় পাহাড়গঞ্জের হোটেল ছাড়তে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিমানবন্দরের কাছাকাছি আরেকটি হোটেলে ওঠেন। একই রাতে দিল্লি-ঢাকা ইন্ডিগো ফ্লাইটের টিকিট তার কাছে পৌঁছে যায়।
একটি সূত্র জানিয়েছে, তার ভারতীয় ভিসা রাতেই বাতিল করা হয়, যদিও তিনি তা সঙ্গে সঙ্গে জানতে পারেননি। তবে মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তিনি বুঝে যান যে ভারতে আর থাকা সম্ভব নয়। বুধবার সকালে ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ার কথা থাকলেও তিনি আর যাননি।
সকালে হোটেল থেকে বেরিয়ে তিনি বিমানবন্দরে যান। ইন্ডিগোর ১২টা ৪০ মিনিটের ফ্লাইটের টিকিট ছিল তার কাছে। চেক-ইন ও নিরাপত্তা প্রক্রিয়ার সময় তাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুটি সূত্রই জানিয়েছে, বিমানবন্দরে প্রায় আধঘণ্টা তাকে জেরা করা হয়, তবে কোনো শারীরিক নির্যাতন করা হয়নি। এক সূত্রের ভাষ্য, ভারতের পক্ষ থেকে তিনটি বিষয় গুরুত্ব পায় ভারতবিরোধী বক্তব্য, একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি এবং সেই কর্মকর্তা হিন্দু হওয়া।
বুধবার বিকেলে বাংলাদেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মাহদী হাসান। শুরুতে কথা বলতে অনিচ্ছুক থাকলেও পরে তিনি বলেন, "বলব আমরা, জানাবো, জানাবো"। এরপর তিনি দাবি করেন, ‘আমাকে এসএডি লিডার, বৈষম্যবিরোধী নেতা বলে আটক করা হয়েছিল। তারপর হচ্ছে আমাকে প্রচন্ড হ্যারাস করা হয়েছে। আমি ফুল লাইফ রিস্কে ছিলাম।’
তিনি আরও বলেন, ‘এটা আমি বলি না, যে কোনো অন্য একটা দেশের নাগরিককে যে নিরাপত্তা দেওয়ার কথা, সেটা দেয় নাই। সো এইটা আমরা ডিটেইলসে জানাবো পরে’। ক্রিপ্টো-কারেন্সি সংক্রান্ত প্রশ্নে তিনি সেগুলোকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন।
বাংলাদেশে ফেরার পরও বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাকে আটকানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছে বাংলাদেশেও। পরবর্তীকালে আমাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়’।
ভারতের যে দুটি সূত্র দিল্লির ঘটনার বিবরণ দিয়েছে, তাদের বক্তব্যের বিষয়ে জানতে মাহদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- সুন্নাহ মেনে সেহরি খাওয়ার সময় ও বিশেষ কিছু নিয়ম
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা
- রমজান মাসের ছুটি নিয়ে যা জানাল মাউশি
- পবিত্র রমজানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন সময়সূচি প্রকাশ
- দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের দুই গ্রুপ ও পূর্ণাঙ্গ সূচি দেখুন এখানে
- কাল থেকে বন্ধ সব স্কুল, রমজানে ছুটির নতুন প্রজ্ঞাপন
- রমজানের প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ
- কে কে হচ্ছেন মন্ত্রী? শেষ মুহূর্তের তালিকায় যাদের নাম
- ২৪ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে: এখানে সরাসরি দেখুন Live