ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
কোস্টারিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও কোস্টারিকার কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেছেন কোস্টারিকায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এই সাক্ষাতে দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও বৈশ্বিক ইস্যুতে পারস্পরিক সমর্থনের বিষয়গুলো গুরুত্ব পায়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সান হোসের ঐতিহাসিক ন্যাশনাল থিয়েটার হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে কোস্টারিকার প্রেসিডেন্ট রোদ্রিগো চাভেস রব্লেসের সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রেসিডেন্ট চাভেসের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। আলোচনায় দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়।
প্রেসিডেন্ট চাভেস এ সময় বিশ্বব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকায় তার সফরের স্মৃতিচারণ করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী প্রেসিডেন্টের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
এর আগে বৃহস্পতিবার কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে রাষ্ট্রদূত দেশটির ভাইস প্রেসিডেন্ট ড. ম্যারি মুনিভে আংগারমুলারের কাছে তার পরিচয়পত্র পেশ করেন। ইয়োলো হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বাংলাদেশ ও কোস্টারিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়।
পরিচয়পত্র পেশের পর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকো উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ শিল্পে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
এ ছাড়া জলবায়ু অভিযোজন বিষয়ে যৌথ সহযোগিতার প্রস্তাব দেন রাষ্ট্রদূত। উভয় দেশের অভিন্ন জলবায়ু চ্যালেঞ্জ ও পরিপূরক সক্ষমতা কাজে লাগানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি এবং বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের বিষয়েও আলোচনা শুরুর আগ্রহ জানান।
ভাইস প্রেসিডেন্ট মুশফিকুল ফজল আনসারীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে কোস্টারিকার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। উভয় দেশে আসন্ন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং নির্বাচনকালীন ভ্রান্ত তথ্য মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মানবাধিকার ও গণতন্ত্র প্রসারে রাষ্ট্রদূতের পূর্ববর্তী অবদানেরও প্রশংসা করেন তিনি।
একই দিনে রাষ্ট্রদূত মুশফিক কোস্টারিকার পররাষ্ট্রমন্ত্রী আরনোল্ডো আন্দ্রে টিনোকোর সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশ থেকে আমদানি সম্প্রসারণ এবং কোস্টারিকার উন্নয়নে বাংলাদেশি জনশক্তির সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ২০৩১–২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য বাংলাদেশের প্রার্থিতায় কোস্টারিকার সমর্থন কামনা করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন এবং জাতিসংঘ মহাসচিব পদে কোস্টারিকার প্রার্থিতার পাশাপাশি জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রধান হিসেবে রেবেকা গ্রিন্সপানকে সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানকেও উচ্চভাবে মূল্যায়ন করেন।
এ ছাড়া রাষ্ট্রদূত সান হোসেতে অবস্থিত ‘মেডিগ্রেই’ নামের একটি ওষুধ উৎপাদন, বিপণন ও বিতরণকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সেখানে তিনি বাংলাদেশের ওষুধ শিল্পের মান, সক্ষমতা ও আন্তর্জাতিক স্বীকৃতির বিষয় তুলে ধরে বাংলাদেশ থেকে ওষুধ আমদানির সম্ভাবনা বিবেচনার আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত সান হোসেতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস