ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করলো হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করার গেজেটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার নির্দেশনা দিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন। একইসাথে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না, রুলে তাও জানতে চাওয়া হয় এবং নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল। সেদিন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শেখ মুহাম্মদ জাকির হোসেন শুনানি করেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, অ্যাডভোকেট ফয়সাল মোস্তফা, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা, ব্যারিস্টার কাজী সামান্তা এনাম, অ্যাডভোকেট আমিনুজ্জামান সোহাগ, অ্যাডভোকেট এনামুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইকরামুল কবির।
বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, জেলা ট্রাক মালিক সমিতি সহ বিভিন্ন সংগঠন হাইকোর্টে দুটি রিট দায়ের করেছিল। রিটে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন শুরু করে এবং সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন করে হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চারটি আসন বহাল রাখার দাবিতে তারা কমিশনের শুনানিতেও অংশ নেয়।
কিন্তু নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। আগের প্রস্তাবের তুলনায় শুধু সীমানা পরিবর্তন করা হয়। এর পর থেকেই সর্বদলীয় সম্মিলিত কমিটি আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে হরতাল, অবরোধ, অবস্থান, বিক্ষোভসহ নানা কর্মসূচি চালিয়ে আসছিল। তাদের অভিযোগ ছিল, ইসির আসন পুনর্বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে।
চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ গঠিত হয়েছিল। উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকে বাগেরহাটে চারটি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- প্রিপেইড মিটার নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- জাবির নারী ওয়াশরুমে গোপনে ভিডিও, বহিরাগত আটক
- আজকের খেলার সময়সূচি (২৯ জুন)
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ, যেভাবে ফ্রি লাইভ দেখবেন
- ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলোয় মেক্সিকো
- ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেক্সিকো
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুন)
- বর্ণাঢ্য আয়োজনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উদ্যাপিত
- গ্রুপ সেরার লড়াইয়ে আজ ফ্রান্স বনাম নরওয়ে, যেভাবে দেখবেন ম্যাচ