×

ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু

২০২৬ নভেম্বর ২৯ ১৬:৫২:১২

প্রধানমন্ত্রিত্ব ছাড়তে নতুন শর্ত দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে সম্মত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এর বিনিময়ে নতুন সরকারে জ্যেষ্ঠ পদ এবং ভবিষ্যতে আবারও নেতৃত্বে ফেরার নিশ্চয়তা চান তিনি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের অনুমোদনক্রমে জোট সরকার গঠনের দায়িত্ব পাওয়া ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের কাছে এ প্রস্তাব দিয়েছেন নেতানিয়াহু। খবর টেলিগ্রাফের।

নেতানিয়াহুর এ প্রস্তাব থেকে ধারণা করা হচ্ছে, নিজের পরাজয়ের আশঙ্কা করছেন তিনি। অন্যদিকে আইজেনকোট ইতিমধ্যে বিকল্প জোট গঠনের প্রায় শেষ পর্যায়ে রয়েছেন। সেই জোট গঠন সম্পন্ন হলে আগামী সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের আনুষ্ঠানিক অবসান ঘটতে পারে।

গত শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু বলেন, ‘স্বাভাবিকভাবেই জাতীয় ঐক্যের সরকারের নেতৃত্ব আমারই দেয়া উচিত, অথবা পালাক্রমে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে অন্তত প্রথম মেয়াদে আমারই থাকা উচিত। কিন্তু অস্তিত্বের সংকটের ভয়াবহতা এবং এই সংকট মোকাবিলায় অক্ষম এমন একটি সরকার গঠিত হওয়ার আশঙ্কার কথা বিবেচনা করে একজন নেতা হিসেবে আমার দায়িত্ববোধ থেকে সবকিছু একপাশে সরিয়ে রাখতে হচ্ছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, গাদি আইজেনকোট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর মেয়াদের শুরুতে আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে থাকব।’

নেতানিয়াহুর এ প্রস্তাব নিয়ে রোববার (২৯ নভেম্বর) দুই নেতা আলোচনায় বসেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম।

এর আগে প্রস্তাবটির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আইজেনকোট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। একই সঙ্গে ক্ষমতায় যাওয়ার বিকল্প পথ চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছেন বলেও উল্লেখ করেন ইসরায়েলের সাবেক এই সেনাপ্রধান।

নেতানিয়াহুর প্রস্তাব দেওয়ার আগেই আইজেনকোটের মিত্ররা তাঁকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত