ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আফগানিস্তানে নারীদের নিয়ে তালেবানের নতুন নির্দেশ ঘিরে বিতর্ক
আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে চিকিৎসাসংক্রান্ত নথিসহ বিভিন্ন সরকারি কাগজপত্রে নারীদের নাম লেখা যাবে না। এমনকি হাসপাতালে নারী রোগীদের নাম ধরে না ডেকে ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আফগান অনলাইন সংবাদমাধ্যম জান টাইমস এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বালখ প্রদেশের হাসপাতালগুলোতে কর্মরত ব্যক্তিদের নারী রোগীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। আফগান সমাজে ‘বিবি’ শব্দটি সাধারণত নারীদের সম্মানসূচকভাবে সম্বোধন করতে ব্যবহৃত হয়। তবে শব্দটির প্রচলিত অর্থ অনেকটা দাদি বা নানির মতো।
এদিকে স্পেনের সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, নারী ও অধিকারকর্মীদের অভিযোগ অনুযায়ী, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের উদ্দেশে ‘ছাগল’ কিংবা ‘গরু’র মতো অবমাননাকর শব্দও ব্যবহার করছেন।
তালেবান সরকারের ধারাবাহিক নারী অধিকারবিরোধী নীতির কারণে আফগানিস্তানে নারীদের চিকিৎসাসেবা পাওয়ার পথও ক্রমেই সংকুচিত হচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমিত চিকিৎসাসেবার কারণে দেশটির নারীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও নানা প্রতিকূলতার মুখে পড়ছেন।
কুনার প্রদেশের এক নারী জাতিসংঘকে জানিয়েছেন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার কারণে তাকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে নারী রোগীদের চিকিৎসায় পুরুষ চিকিৎসকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা। আফগানিস্তানের অনেক প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা দেওয়ার অনুমতি নেই। অথচ দেশটিতে স্বাস্থ্যসেবা খাতই এমন কয়েকটি ক্ষেত্রের একটি, যেখানে নারীদের কাজ করার সীমিত সুযোগ রয়েছে।
এর মধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে নারীদের চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান সরকার। এর ফলে ভবিষ্যতে দেশটিতে নারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট আরও প্রকট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এ পরিস্থিতিকে ‘দ্বিমুখী সংকট’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির আশঙ্কা, প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীদের অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন অথবা দেশত্যাগ করছেন। অন্যদিকে নতুন করে নারী স্বাস্থ্যকর্মী তৈরির প্রশিক্ষণের সুযোগও বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার পথ ক্রমেই কঠিন হচ্ছে।
বিশ্লেষকদের আশঙ্কা, নারী রোগীদের চিকিৎসায় পুরুষ চিকিৎসকদের বাধা এবং নারী স্বাস্থ্যকর্মীর সংখ্যা কমে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আফগান নারীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়াই প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ২,২৭০০০ টাকা