×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

নিরপেক্ষ ভেন্যুতে ১১ দলসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

২০২৬ নভেম্বর ২৭ ১৮:২৮:৪০

নিরপেক্ষ ভেন্যুতে ১১ দলসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত

সরকারের সঙ্গে রাজনৈতিক সংলাপে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের সব শরিককে সঙ্গে নিয়ে অংশ নিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংলাপের স্থান হিসেবে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যু নির্ধারণের প্রস্তাব দিয়েছে দলটি। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ার লক্ষ্যেই এ অবস্থান নিয়েছে জামায়াত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার ও বিএনপির পক্ষ থেকে সংলাপের বিষয়ে যোগাযোগ করা হলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়েই আলোচনায় বসতে চায় তারা। এ ক্ষেত্রে সংলাপের স্থান হিসেবে নিরপেক্ষ ভেন্যুর ওপর গুরুত্ব দিচ্ছে দলটি।

১১ দলের ব্যানারেই সরকারের সঙ্গে সংলাপ

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিরোধী দল হিসেবে সরকারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে সম্ভাব্য সংলাপে অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১ দলীয় ঐক্য সম্মিলিতভাবে সরকারের সঙ্গে সংলাপে অংশ নেবে। আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া জোটের পক্ষ থেকে এনসিপিকেও জানানো হয়েছে, সংলাপে দলটি অংশ নেবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জবাবে ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসঙ্গে আলোচনায় বসার অবস্থান জানানো হয়েছে।

তিনি আরও জানান, সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গেও জোটবদ্ধ আলোচনার সিদ্ধান্ত

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ মোট ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। জামায়াত সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনাতেও এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেবে।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, জোটের শরিক দলগুলোর দাবিগুলো অভিন্ন হওয়ায় নির্বাচন কমিশনের সঙ্গে সম্মিলিতভাবে আলোচনায় বসতে চায় তারা। এ বিষয়ে কমিশনকে অবহিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার জোটের পক্ষ থেকে একসঙ্গেই মতবিনিময়ে অংশ নেওয়া হবে।

জুলাই সনদ বাস্তবায়নকে প্রধান শর্ত বলছে জামায়াত

সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, সাধারণ বৈঠক ও রাজনৈতিক সংলাপ এক বিষয় নয়। সংলাপের ক্ষেত্রে নিরপেক্ষ স্থান নির্ধারণের পাশাপাশি বিভিন্ন দাবি এবং সেগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। তার মতে, জুলাই সনদ বাস্তবায়ন করা হলে বিদ্যমান অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব।

হামিদুর রহমান আযাদ আরও জানান, সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। তবে জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকেই সংলাপে অংশ নিতে আগ্রহী। শিগগিরই এ বিষয়ে আলোচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সম্ভাব্য দুই সংলাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা আহ্বান করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত