ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
সচেতনতা ও প্রতিরোধে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি ও জটিলতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরাও যথাযথ চিকিৎসা ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। একই সঙ্গে যারা এখনো এ রোগে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ এবং শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধে সচেষ্ট থাকা উচিত।’
আগামীকাল ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।
তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এ রোগের জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বাণীতে প্রধানমন্ত্রী ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট