ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
ক্যানসার চিকিৎসায় জাতীয় ল্যাব ও ১০ আঞ্চলিক কেন্দ্র গড়বে সরকার
নিজস্ব প্রতিবেদক: স্তন ক্যানসারের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষ জনবল তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, ক্যানসারের চিকিৎসায় মলিকুলার বায়োলজির বিভিন্ন কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে জাতীয় পর্যায়ে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন ক্যানসার ইনস্টিটিউট প্রতিষ্ঠা, আধুনিক যন্ত্রপাতি কেনা এবং দেশে-বিদেশে ক্যানসার বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজ এ সম্মেলনের আয়োজন করে।
স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে নির্দিষ্ট বয়সী নারীদের জন্য স্ক্রিনিং কর্মসূচি চালু করা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, সময়মতো রোগ শনাক্ত করা এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা গেলে স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক এবং দেশি-বিদেশি গবেষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভাগীয় পর্যায়ের ১০টি শহরে ক্যানসার চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এসব শহরকে ক্যানসার চিকিৎসার আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে আশপাশের জেলা হাসপাতালগুলোর সঙ্গে এসব কেন্দ্রকে যুক্ত করা হবে। এতে রোগীরা নিজ নিজ এলাকায় প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পাবেন। পরে প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত কেন্দ্রে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকবে।
বর্তমানে দেশের অল্প কয়েকটি স্থানে ক্যানসারের বিশেষায়িত চিকিৎসার সুযোগ রয়েছে বলে জানান এম এ মুহিত। তিনি বলেন, মূলত ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি বড় শহরে এসব সেবা সীমাবদ্ধ। ফলে দেশের বিভিন্ন এলাকার রোগীদের চিকিৎসা নিতে ভোগান্তিতে পড়তে হয়। এ পরিস্থিতি বদলাতে ক্যানসার চিকিৎসাসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
অনুষ্ঠানে বাংলাদেশে স্তন ক্যানসার নিয়ে একটি গবেষণার তথ্য তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, অর্ধেকের বেশি রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এসেছেন দেরিতে। তাঁদের মধ্যে ২২ শতাংশ রোগী দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে এবং ৩১ শতাংশ চতুর্থ পর্যায়ে হাসপাতালে এসেছেন। রোগ শনাক্তে এই বিলম্ব চিকিৎসার ফলাফলেও প্রভাব ফেলে।
বাংলাদেশের মতো দেশে ক্যানসার দ্রুত শনাক্ত করতে সাশ্রয়ী ও কার্যকর স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন এম এ মুহিত। তিনি বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করেন। তাই সীমিত ব্যয়ে বেশি মানুষের কাছে স্ক্রিনিং সেবা পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করতে হবে। এ বিষয়ে গবেষক ও চিকিৎসকদের কাছ থেকে বাস্তবসম্মত সুপারিশ প্রয়োজন।
গবেষণায় ৩৪ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যানসার ফিরে আসা বা শরীরের অন্য স্থানে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া গেছে বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, উন্নত চিকিৎসা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ হার কমিয়ে আনা প্রয়োজন।
ক্যানসার চিকিৎসার বিকেন্দ্রীকরণের পাশাপাশি স্বাস্থ্য খাতে ই-হেলথ কার্ড বা ই-হেলথ ব্যবস্থা চালুর উদ্যোগের কথাও জানান এম এ মুহিত। তিনি বলেন, দেশে এখনো জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা নেই। ই-হেলথ ব্যবস্থা চালু হলে নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে ভবিষ্যতে একটি মানসম্মত জাতীয় ক্যানসার নিবন্ধনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
এই ব্যবস্থা রোগীদের এক চিকিৎসাকেন্দ্র থেকে অন্য কেন্দ্রে পাঠানোর রেফারেল পদ্ধতিকে কার্যকর করবে বলে উল্লেখ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। পাশাপাশি রোগীর পরিচয় গোপন রেখে তাঁর তথ্য গবেষণার কাজে ব্যবহার করা যাবে। এতে ক্যানসার চিকিৎসার নতুন পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবনে সহায়তা মিলবে বলে মনে করেন তিনি।
স্তন ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সম্ভাবনার কথাও তুলে ধরেন এম এ মুহিত। তিনি বলেন, স্তন ক্যানসারের স্ক্রিনিং, রেডিওথেরাপিসহ চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে এআই ব্যবহারের বড় সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও গবেষণা ও তথ্য প্রয়োজন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডিজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ার অধ্যাপক ডন এস ডিজন এবং যুক্তরাষ্ট্রের ইউটি হেলথ সান আন্তোনিওর সার্জারি বিভাগের অধ্যাপক ইসমাইল জাতোইসহ অনেকে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট