ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ধর্ম-বর্ণ-পেশা নয়, সব নাগরিকের অধিকার সমান: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ধর্ম, বর্ণ কিংবা পেশা কোনো পরিচয়ের ভিত্তিতেই নাগরিকদের মধ্যে অধিকার ও মর্যাদার পার্থক্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিক সমান সুযোগ ও মর্যাদা পাবেন। কাউকে পেছনে রেখে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চান তাঁরা।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রত্যেক মানুষকে তাঁর দল বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করে। দেশের আইন ও সংবিধান অনুযায়ী সব নাগরিকের অধিকার সমান। ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার কমবেশি হওয়ার সুযোগ নেই।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশের মাটির ওপরে এই দেশে আপনার যেমন অধিকার আছে, ঠিক আমারও তেমনি অধিকার আছে। এই দেশে রাষ্ট্র আপনাকে যেই সুবিধা দেবে, ঠিক আমাকেও সেই সুবিধা দেবে।’
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার বার্তা দিতেই সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করতে এসেছেন বলে জানান তিনি।
তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় পরিচয় যা-ই হোক না কেন, সব মানুষ ঐক্যবদ্ধ থাকলে কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। এ জন্য তিনি সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে পেছনে ফেলে রেখে আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব না।’
বাংলাদেশে জন্ম নেওয়া, বেড়ে ওঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের এ দেশেই বসবাসের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের প্রতি সবার দায়িত্ব রয়েছে। তাই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে সবাইকে অংশ নিতে হবে।
তিনি আরও বলেন, নিজের ধর্মের মানুষদের যেভাবে দেখেন, অন্য ধর্মের মানুষদেরও সেভাবেই দেখতে চান। এ সময় সনাতন ধর্মাবলম্বী, খ্রিষ্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের সমর্থন ও ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ দায়িত্ব পালনে সব ধর্মের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই তিনি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান।
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সমান নাগরিক অধিকারের ভিত্তিতে দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন