×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন দাস

২০২৬ অক্টোবর ১২ ১৩:৪৯:২০

আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে লিটন দাস

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টের চতুর্থ দিনে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজার রান পূর্ণ করেছেন লিটন দাস। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

টেস্ট শুরুর আগে তিন ফরম্যাটে লিটনের মোট রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর ৯ হাজারের ঘরে পৌঁছাতে তাঁর প্রয়োজন ছিল আর ১৮ রান। দ্বিতীয় ইনিংসে সেই রান করেই কৃতিত্বের এই তালিকায় জায়গা করে নেন তিনি।

আগের দিন ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন লিটন। চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে আরও ১৩ রান যোগ করেন তিনি। ইনিংসের ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের বলে এক রান নিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৯ হাজারের বেশি রান করা ব্যাটারদের তালিকায় লিটনের আগে রয়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

এই ইনিংসে দুবার আউট হওয়ার হাত থেকে রক্ষা পান লিটন। ১৪ ও ২৬ রানে তাঁর ক্যাচ ছাড়েন ফিল্ডাররা। দুইবারই বোলিংয়ে ছিলেন কায়েস আহমেদ। প্রথমবার স্লিপে কামাল ক্যাচ নিতে পারেননি। পরে কায়েস নিজেও ক্যাচ ধরতে ব্যর্থ হন। ওই সময় তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়।

সুযোগ কাজে লাগিয়ে লিটন ৬১ বলে অর্ধশতক পূর্ণ করেন। টানা দ্বিতীয় ইনিংসে ফিফটির দেখা পেলেন তিনি। বাউন্ডারি মারার সুযোগ পেলে তা কাজে লাগাতেও কার্পণ্য করেননি এই ডানহাতি ব্যাটার।

টেস্ট ক্রিকেটে লিটনের সংগ্রহ এখন ৩ হাজার ৪০৯ রান। এ ফরম্যাটে তাঁর সেঞ্চুরি ছয়টি এবং অর্ধশতক ২২টি। ওয়ানডেতে তাঁর রান ২ হাজার ৮৬৯; সেঞ্চুরি পাঁচটি ও ফিফটি ১৪টি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২৪টি ম্যাচ খেলেছেন লিটন। এ ফরম্যাটে তাঁর মোট রান ২ হাজার ৭০৪। টি-টোয়েন্টিতে এখনো সেঞ্চুরি না পেলেও অর্ধশতক করেছেন ১৬টি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত