×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজার ছুটিতেও খোলা থাকবে বন্দরের ব্যাংক

২০২৬ অক্টোবর ১২ ১০:৪০:৩৪

দুর্গাপূজার ছুটিতেও খোলা থাকবে বন্দরের ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটিতে দেশের অধিকাংশ ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি বাণিজ্য নির্বিঘ্ন রাখতে সব বন্দরের ব্যাংক বিশেষ ব্যবস্থায় চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব ব্যাংক খোলা থাকবে এবং স্বাভাবিক লেনদেন চলবে।

এ বিষয়ে রোববার সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই দিন দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা পাঁচ দিন দেশের অধিকাংশ ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে এ সময় দেশের সব স্থল, সমুদ্র ও বিমানবন্দর এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে অবস্থিত ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটির দিনগুলোতে এসব ব্যাংকের কার্যক্রম পরিচালনার সময়সূচি নির্ধারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা পাবেন। এ ছাড়া শনিবার দেশের সব ব্যাংক খোলা থাকায় গ্রাহকেরা স্বাভাবিক ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত