×

ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

রেকর্ডের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের বড় হার

২০২৬ অক্টোবর ১১ ১৯:০১:১৯

রেকর্ডের ম্যাচেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের বড় হার

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। টানা দুই ম্যাচে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে সফরকারীরা।

রোববার ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়েছে বাংলাদেশ। তবে তাতেও পরাজয় এড়ানো সম্ভব হয়নি। ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৩১ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

ম্যাচটিতে দুই দলের মোট সংগ্রহ দাঁড়ায় ৪৪২ রান, যা উভয় দলের ওয়ানডে ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ। ব্যক্তিগত পারফরম্যান্সেও নতুন রেকর্ড গড়েন সোবহানা মোস্তারি। তিনি ১৩৪ বলে ১৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ রান করেন। বাংলাদেশ নারী দলের ওয়ানডে ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তাঁর ইনিংসে বাউন্ডারি থেকে আসে ৭২ রান, যা বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে এ ক্ষেত্রে নতুন রেকর্ড।

সোবহানা মোস্তারি ও নিগার সুলতানার ব্যাটে গড়ে ওঠে আরেকটি রেকর্ড। চতুর্থ উইকেটসহ যেকোনো উইকেটে বাংলাদেশের নারী দলের হয়ে সর্বোচ্চ ১৯৫ রানের জুটি গড়েন তাঁরা। অধিনায়ক নিগার সুলতানা ১১৪ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে করেন ৭২ রান।

তবে ব্যাট হাতে এমন কীর্তির দিনেও ব্যর্থতার রেকর্ডে নাম ওঠে ফারজানা হক পিংকির। এ ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। ওয়ানডে ক্রিকেটে রেকর্ড ১৮ বার শূন্য রানে আউট হওয়ার নজির গড়েছেন ফারজানা।

২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে মাত্র ১৯.৫ ওভারেই ১৬২ রান যোগ করেন জর্জিয়া ভোল ও ফোবে লিচফিল্ড। ৯৭ বলে ১৯টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ১৩১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জর্জিয়া ভোল। অন্যদিকে, ৫১ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৭০ রান করে আউট হন লিচফিল্ড।

এরপর এলিস পেরিকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করেন জর্জিয়া ভোল। বাংলাদেশের ব্যাটাররা রেকর্ড গড়লেও অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে বড় ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত