×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তত ১ হাজার তরুণ বঞ্চিত: নাহিদ ইসলাম

২০২৬ সেপ্টেম্বর ২৫ ১৭:৩১:১৩

প্রাথমিক শিক্ষক নিয়োগে অন্তত ১ হাজার তরুণ বঞ্চিত: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের কারণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত অন্তত এক হাজার মেধাবী তরুণ বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও তারেক রহমানের সরকার চূড়ান্ত প্রহসনের নজির স্থাপন করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, লিখিত ও অন্যান্য ধাপের পরীক্ষায় মেধার প্রমাণ দেওয়ার পরও এসব প্রার্থীকে ভেরিফিকেশনের নামে টানা আট মাস অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাঁদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার দিকে ঠেলে দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। অতীতেও তাঁদের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে বা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। এরপরও স্বচ্ছ, সুস্পষ্ট ও জবাবদিহিমূলক কোনো প্রক্রিয়া অনুসরণ না করেই তাঁদের নিয়োগ থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে।

নাহিদ ইসলাম বলেন, মেধা, যোগ্যতা এবং পরীক্ষার সব ধাপ সফলভাবে পেরোনোর পরও যদি কোনো নাগরিককে অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে চাকরি থেকে বঞ্চিত করা হয়, তাহলে সেটি সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচারের পাশাপাশি রাষ্ট্রের নিয়োগব্যবস্থাকেও প্রশ্নের মুখে ফেলে।

তিনি বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় দাবি জানাচ্ছি, যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, এমন প্রত্যেক নিরপরাধ প্রার্থীর নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাদ দেওয়ার প্রক্রিয়া ও ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করতে হবে।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত