×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

রঞ্জন কর্মকারের মৃত্যুতে ঢাবি আলামনাই ইউকে শাখার শোক প্রকাশ

২০২৬ আগস্ট ১২ ২০:০৫:৪৩

রঞ্জন কর্মকারের মৃত্যুতে ঢাবি আলামনাই ইউকে শাখার শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএএ) সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক শ্রী রঞ্জন কর্মকারের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে (ডিইউএএ ইউকে)। আজ সকালে রাজধানী ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

এক যৌথ শোকবার্তায় ডিইউএএ ইউকে-র সভাপতি অধীর দাস তনু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত বলেন, রঞ্জন কর্মকারের মৃত্যুতে আমরা একজন অকৃত্রিম বন্ধু ও অভিভাবককে হারালাম। তাঁর এই অকালপ্রয়াণ আমাদের সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রঞ্জন কর্মকার কেবল একজন দক্ষ সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন একজন অসাধারণ হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং অ্যালামনাইদের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথ হলের সাবেক জিএস এবং জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (জেএইচএএ) সাধারণ সম্পাদক হিসেবে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মৃতিচারণ করে নেতৃবৃন্দ আরও বলেন, "আমাদের সংগঠনের (ডিইউএএ ইউকে) ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সার্থক করে তুলেছিল। তাঁর অমায়িক হাসি এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা আমাদের হৃদয়ে আজীবন গেঁথে থাকবে।"

সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। নেতৃবৃন্দ পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন, যেন তিনি এই শোক সহ্য করার শক্তি পরিবারকে দান করেন।উল্লেখ্য, রঞ্জন কর্মকার তাঁর দীর্ঘ সামাজিক ও সাংগঠনিক কর্মজীবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও প্রবাসের অ্যালামনাই কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

অ্যালামনাই এর অন্যান্য সংবাদ