ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
জামায়াত আমিরের বাসভবনে শেখ মুজিবের ছবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ছবি এবং ১৯৭০ সালের নির্বাচনকালীন তাঁর একটি দুর্লভ ছবি স্থান পেয়েছে। একটি ছবিতে রেডিওতে ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল শুনতে দেখা যায় শেখ মুজিবুর রহমানকে। তাঁর পাশে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ।
প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবিও রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের ছবি যেমন রয়েছে, তেমনি মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত এ দেশের অসংখ্য শহীদের ছবিও প্রদর্শন করা হয়েছে। রয়েছে নিয়াজির রাজাকার ক্যাম্প পরিদর্শনের ছবি। পাশাপাশি পাকিস্তানের পরাজয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের ছবিও স্থান পেয়েছে।
প্রদর্শনীর আরেকটি অংশে শেখ মুজিবুর রহমানকে একনায়কতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত করে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে ভারতীয় বাহিনীকে মুজিব যেদিন বিদায় করেছিলেন, সেই ছবিও রয়েছে। তবে শেখ মুজিবুর রহমানের এসব ছবি প্রদর্শন করা হলেও মুক্তিযুদ্ধ কর্নারে জিয়াউর রহমানের কোনো ছবি বা উল্লেখযোগ্য কোনো বিষয় রাখা হয়নি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রদর্শনীর এই অংশের সমালোচনাও করেছেন অনেকে।
তবে এসব অভিযোগ নাকচ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, শেখ মুজিবের ছবি সংবলিত যে বিলবোর্ড প্রচার করা হচ্ছে, সেখানে মূলত দেশের ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। যেহেতু শহীদ জিয়া কর্তৃত্ববাদী শাসক ছিলেন না, তাই সেখানে তাঁর ছবি দেওয়া হয়নি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও বলেছেন, কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা তুলে ধরার উদ্দেশ্যেই প্রদর্শনীটি আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান কর্তৃত্ববাদী শাসক ছিলেন না বলেই তাঁর ভাষণ সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি।
আজ শনিবার রাজধানীতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘ইতিহাসে যার যে কল্যাণকর অবদান রয়েছে, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল। এ বিষয়ে আমরা নির্মোহ ও বাস্তববাদী থাকার চেষ্টা করেছি। উনি (জিয়াউর রহমান) তো অটোক্রেট শাসক ছিলেন না। যারা কর্তৃত্ববাদী ছিল, যারা আগ্রাসী ছিল, তাদের আমরা এখানে দেখিয়েছি। ইতিহাসের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। আবার যারা মুক্তি দিয়েছেন, ন্যায্যতার ভিত্তিতে যাদের অবদান রয়েছে, সেটাও আমাদের ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে।’
শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছর বিভিন্নভাবে মানুষের অধিকার হরণ করার চেষ্টা করা হয়েছে। আমরা আন্দোলন করেছি, দফায় দফায় জীবন দিয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গেছি, মামলার ভার কাঁধে নিয়েছি। কিন্তু তাতেও বিদায় হয়নি। অবশেষে জুলাইয়ে আবারও মানুষ জেগে উঠল, ছাত্ররা গর্জে উঠল। আন্দোলন দমন করতে গিয়ে ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলা চালানো হয়। মেয়েদের গায়ে হাত ওঠার পর মায়েরাও রাস্তায় নেমে আসেন। এরপর আন্দোলন আরও বিস্তৃত হয়। ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে হত্যার মধ্য দিয়ে নতুন করে হত্যাকাণ্ড শুরু হয়। একই সময়ে ঢাকায় দুজন এবং চট্টগ্রামে তিনজন নিহত হন। ১৮ জুলাই থেকে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড চলতে থাকে।’
জামায়াত আমির বলেন, ‘৩ আগস্ট জাতির ভাগ্য নির্ধারণের একটি সুযোগ তৈরি হয়। সেনাবাহিনীর সাধারণ অফিসার ও জওয়ানরা যখন অস্বীকৃতি জানালেন যে তারা আর জনগণের বুকে অস্ত্র ধরবেন না, গুলি ছুড়বেন না, তখনও শেখ হাসিনা খুনের নেশা থেকে সরে আসেননি। বাহিনীপ্রধানদের তিনি ধমকিয়েছেন, গালিগালাজ করেছেন। তবুও তারা বলেছেন, এখন যদি অস্ত্র ধরি, লাখ লাখ মানুষের জীবন যাবে। কিন্তু তিনি নাকি বলেছেন, যত লাশ ঝরে ঝরুক, ঝরিয়ে দাও, এদের ঘরে ফিরিয়ে দাও। তারা রাজি হননি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ফের ব্যালন ডি’অরের তালিকায় মেসি