ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সমমনা জোট থেকে বহিষ্কার ডা. নুরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকারের সমালোচনা করায় জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডা. সৈয়দ নুরুল ইসলামকে জোট থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ মুসলিম লীগের (অনিবন্ধিত) সভাপতি ব্যারিস্টার নাসিম খানকে জোটের নতুন প্রধান সমন্বয়কারী করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে জাতীয়তাবাদী সমমনা জোটের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে জোটের মুখপাত্র এসএম শাহাদাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে বিকেলে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী সমমনা জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল.) (অনিবন্ধিত)। দলটির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাতে সমমনা জোটের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেন। একপর্যায়ে তিনি সরকারবিরোধী আন্দোলনের ডাকও দেন। পরে বিভিন্ন গণমাধ্যমে তার ওই বক্তব্য প্রচারিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয়তাবাদী সমমনা জোট বিএনপির শরিক হিসেবে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হওয়ায় জোটের নেতারা ডা. নুরুল ইসলামকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। তবে তিনি তা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানান।
এতে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ডা. নুরুল ইসলাম অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা তাকে শান্ত হতে বাধ্য করেন। জোটের ভাষ্য অনুযায়ী, ২ ও ৪ আগস্টের এসব বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি জোটের ভেতরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ডা. নুরুল ইসলামের উপস্থিতিতেই অনুষ্ঠিত জোটের বৈঠকে অংশ নেওয়া সব দলের নেতারা সর্বসম্মতিক্রমে তাকে সমমনা জোট থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, ডা. নুরুল ইসলামও এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সৈয়দ, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তিফা, বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব আব্দুল বারিক, বাংলাদেশ মুসলিম লীগের (অনিবন্ধিত) চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল ও মহাসচিব জামিল আহম্মেদ, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সভাপতি মাইনউদ্দিন কাদেরী ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এবং জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজসহ অন্যান্য নেতারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী