ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

গবেষণাপত্র কেন প্রত্যাহার করা হয়? জানুন বিস্তারিত

২০২৬ আগস্ট ০২ ১৪:৪০:৩৪

গবেষণাপত্র কেন প্রত্যাহার করা হয়? জানুন বিস্তারিত

ডুয়া ডেস্ক: কোনো গবেষণাপত্র একবার প্রকাশিত হলেই তা চূড়ান্ত বা প্রশ্নাতীত হয়ে যায় এমন ধারণা সঠিক নয়। গবেষণার তথ্য, বিশ্লেষণ, নৈতিকতা বা প্রকাশনা প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম কিংবা এমন ত্রুটি ধরা পড়লে, যা গবেষণার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে, সংশ্লিষ্ট জার্নাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সেই গবেষণাপত্র প্রত্যাহার (রিট্র্যাক্ট) করতে পারে। গবেষণার স্বচ্ছতা, জবাবদিহি ও বৈজ্ঞানিক সততা নিশ্চিত করতে আন্তর্জাতিক গবেষণা প্রকাশনায় এ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

গবেষণাপত্র প্রকাশের পর গুরুতর সমস্যা শনাক্ত হলে জার্নাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সেটি প্রত্যাহার করে। এ প্রক্রিয়াকেই বলা হয় রিট্র্যাকশন। এটি সাধারণ কোনো ছোটখাটো ভুলের কারণে নয়; বরং এমন ত্রুটি বা অনিয়মের ক্ষেত্রে ঘটে, যা গবেষণার ফলাফল ও নির্ভরযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।

গবেষণাপত্র রিট্র্যাকশনের অন্যতম প্রধান কারণ হলো গবেষণার তথ্য তৈরি করা বা ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করা। অর্থাৎ বাস্তবে গবেষণা না করেই তথ্য বানিয়ে দেওয়া অথবা কাঙ্ক্ষিত ফল পাওয়ার জন্য ডেটা পরিবর্তন করা গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হয়।

আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্লেজিয়ারিজম। অন্যের লেখা, ধারণা, ছবি বা গবেষণার ফল যথাযথ স্বীকৃতি ছাড়া নিজের নামে ব্যবহার করা গবেষণা নীতিমালার লঙ্ঘন।

একই গবেষণাপত্র সামান্য পরিবর্তন করে একাধিক জার্নালে প্রকাশ করাও অনৈতিক। একইভাবে গবেষণার ছবি, গ্রাফ বা পরীক্ষার ফল এমনভাবে সম্পাদনা করা, যাতে প্রকৃত তথ্য আড়াল হয়ে যায়, সেটিও রিট্র্যাকশনের কারণ হতে পারে।

গবেষণার নমুনা নির্বাচন, বিশ্লেষণ বা পদ্ধতিতে এমন গুরুতর ত্রুটি থাকলে, যার কারণে ফলাফল আর নির্ভরযোগ্য থাকে না, সেক্ষেত্রেও গবেষণাপত্র প্রত্যাহার করা হতে পারে।

মানুষ বা প্রাণীর ওপর পরিচালিত গবেষণায় প্রয়োজনীয় নৈতিক অনুমোদন (এথিকস অ্যাপ্রুভাল) না নেওয়া কিংবা অংশগ্রহণকারীদের সম্মতি ছাড়া গবেষণা পরিচালনা করাও রিট্র্যাকশনের গুরুত্বপূর্ণ কারণ।

এ ছাড়া লেখকত্ব নিয়ে অনিয়ম যেমন প্রকৃত অবদান না রেখেও কাউকে লেখক হিসেবে যুক্ত করা বা প্রকৃত অবদানকারীকে বাদ দেওয়া গবেষণার নৈতিকতা পরিপন্থী বলে বিবেচিত হয়।

স্বার্থের দ্বন্দ্ব গোপন করাও একটি বড় অনিয়ম। কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির অর্থায়ন গবেষণার ফলকে প্রভাবিত করতে পারে এমন তথ্য গোপন রাখা বা প্রকাশ না করাও গবেষণাপত্র প্রত্যাহারের কারণ হতে পারে।

পিয়ার রিভিউ প্রক্রিয়ায় জালিয়াতিও রিট্র্যাকশনের অন্যতম কারণ। ভুয়া পরিচয় বা ই-মেইল ব্যবহার করে নিজের গবেষণাপত্রের পক্ষে রিভিউ তৈরি করা কিংবা পর্যালোচনা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হয়।

তবে সব রিট্র্যাকশনই গবেষকের প্রতারণার ফল নয়। অনেক ক্ষেত্রে গবেষক নিজেই প্রকাশের পর গুরুতর ভুল শনাক্ত করে গবেষণাপত্র প্রত্যাহারের আবেদন করেন। ভুল স্বীকার করে গবেষণা সংশোধন করাও বৈজ্ঞানিক সততার একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিশেষজ্ঞদের মতে, রিট্র্যাকশনকে কেবল একজন গবেষকের ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই। এটি পুরো গবেষণা ও প্রকাশনা ব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। দ্রুত প্রকাশনা, পদোন্নতি, গবেষণা অনুদান (ফান্ডিং) এবং অধিকসংখ্যক গবেষণাপত্র প্রকাশের চাপ অনেক সময় গবেষণার মান ও নৈতিকতাকে দুর্বল করে দেয়।

তাদের মতে, একজন গবেষকের প্রকৃত সাফল্য তিনি কতটি গবেষণাপত্র প্রকাশ করেছেন, তা দিয়ে নয়; বরং তাঁর গবেষণা কতটা সৎ, স্বচ্ছ, পুনরায় যাচাইযোগ্য এবং সমাজ ও বিজ্ঞান অঙ্গনের জন্য কতটা বিশ্বাসযোগ্য সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ মূল্য সমন্বয়ের পর রোববার (২ আগস্ট) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত