×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টেকনাফ সীমান্ত দিয়ে এখনো মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

২০২৬ জুন ২৭ ২০:৩০:৪৯

টেকনাফ সীমান্ত দিয়ে এখনো মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান এখনো কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়েই প্রবেশ করে, কিন্তু তা কার্যকরভাবে বন্ধ করা সম্ভব হয়নি।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি, এখন তো বদি নেই। বদি বদ হয়ে গেছে, এখন ওখানকার দায়িত্ব কে নিয়েছে?’

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক চোরাকারবারীরা বাড়ির আশপাশের লোক, তাই তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর চেনার কথা। তার ভাষায়, ‘এতদিনে ওইদিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন দিয়ে কোনো কিছু হয় না। আইন কার্যকর করার জন্য সাহস লাগে, ইচ্ছাও লাগে।’

তিনি বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। এ প্রসঙ্গে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৩-এর স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে তিনি জানান, সেখানে একটি ১০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল অবস্থায় রয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হাসপাতালটির উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশারফ হোসেন। কিন্তু বর্তমানে সেখানে রোগী নেই, চিকিৎসকও নেই। ১৫ লাখের বেশি মানুষের একটি নির্বাচনী এলাকায় মাত্র ১০ শয্যার এমন অকার্যকর হাসপাতাল কোনোভাবেই গর্বের বিষয় হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত