ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১,০৩৯ কোটি টাকার বাজেট পাস
নিজস্ব প্রতিবেদক: রোগীদের জন্য বিনামূল্যে ওষুধের পরিধি বাড়ানো, ক্যান্সার চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি সংযোজন, গবেষণায় অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং চিকিৎসা ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর করার পরিকল্পনা নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। গত অর্থবছরের তুলনায় বরাদ্দ বাড়লেও এবারও ঘাটতি বাজেট নিয়ে এগোতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।
শনিবার (২৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভার ২৯তম বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৩৯ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকার পরিচালন ও উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়। এটি আগের অর্থবছরের তুলনায় প্রায় ৬৩ কোটি টাকা বেশি। তবে মোট বাজেটে ১০৫ কোটি ৪৬ লাখ ১৯ হাজার টাকার ঘাটতি রয়েছে।
পরে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রেজারার অধ্যাপক ডা. নাহরীন আখতার এবং পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শরিফুল হাসান রতন বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ৬৩৪ কোটি ৮০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ১৩৬ কোটি ২৮ লাখ ৭ হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৩৬ কোটি টাকা ধরা হয়েছে।
নতুন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রোগীসেবা উন্নয়ন, চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন এবং গবেষণায়। বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহের জন্য এবার ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ কোটি টাকা, আর ২০২৪-২৫ অর্থবছরে ছিল মাত্র ৩ কোটি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি আইসিইউতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ইনজেকশন মেরোপেনাম, ভর্তি রোগীদের জন্য স্যালাইন এবং বিভিন্ন প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকও বিনা মূল্যে সরবরাহের পরিকল্পনা রয়েছে।
চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য এমএসআর (শৈল্য ও চিকিৎসা সরঞ্জাম) খাতে বরাদ্দ বাড়িয়ে ৯০ কোটি টাকা করা হয়েছে। গত বছরের তুলনায় এ খাতে অতিরিক্ত ৪৭ কোটি ৩৩ লাখ টাকা রাখা হয়েছে।
ক্যান্সার চিকিৎসা, গবেষণা ও ডিজিটাল স্বাস্থ্যসেবায় বিশেষ নজর
অনকোলজি বিভাগে দীর্ঘদিন ধরে অকেজো থাকা লিনিয়ার এক্সিলারেটর পুনরায় চালু করার পাশাপাশি আরও দুটি অত্যাধুনিক লিনিয়ার এক্সিলারেটর কেনার জন্য ৭৬ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এটি ক্যান্সার চিকিৎসায় বড় পরিবর্তন আনবে।
এ ছাড়া হাসপাতালের ওষুধ ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য অতিরিক্ত ১০ কোটি টাকা রাখা হয়েছে। প্রয়োজন হলে সংশোধিত বাজেটে আরও অর্থ যোগ করা হবে।
গবেষণায়ও বরাদ্দ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২২ কোটি এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিলের ৬ কোটি ৫ লাখ টাকাসহ মোট ২৮ কোটি ৫ লাখ টাকা গবেষণার জন্য বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৭ কোটি ৭০ লাখ টাকা বেশি।
চিকিৎসাসংক্রান্ত সব নথি ডিজিটালভাবে সংরক্ষণের জন্য ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড (ইএমআর) চালুর লক্ষ্যে ৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বরাদ্দ বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি ই-লগবুক চালুর জন্যও ১ কোটি টাকা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বাজেটে মোট ৪ হাজার ৩৬৮ কোটি ৩৪ লাখ টাকার বিভিন্ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাক্রেডিটেড ল্যাব, গবেষণা কেন্দ্র ও প্রশাসনিক ভবন নির্মাণ, বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, লিভার ট্রান্সপ্ল্যান্ট সেন্টার, কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণা কেন্দ্র এবং ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংয়ের মাধ্যমে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি।
এ ছাড়া শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত হওয়ার পর উন্নয়ন বাজেট থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ অর্থবছরে ৯৭৬ কোটি টাকার বাজেটের মধ্যে ইতোমধ্যে প্রায় ৭৮ দশমিক ৯৭ শতাংশ ব্যয় হয়েছে। আগামী আগস্টের মধ্যে পুরো বরাদ্দ ব্যয় হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা, গবেষণা, প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা এবং আধুনিক অবকাঠামো উন্নয়নকে কেন্দ্র করে প্রণীত এবারের বাজেটকে ভবিষ্যতমুখী হিসেবে দেখছে বিএমইউ। বিশেষ করে বিনামূল্যে ওষুধ বিতরণ, ক্যান্সার চিকিৎসার সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ রোগীদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- মন্ত্রীসভায় যুক্ত হচ্ছে আরও ৫ জন