ঢাকা, মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেয়ারবাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: অর্থমন্ত্রী

২০২৬ জুন ০৯ ২৩:৪৬:১৯

শেয়ারবাজার কারসাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বড় ধরনের অনিয়ম ও কেলেঙ্কারির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বেশ কয়েকটি উচ্চ-প্রোফাইল আর্থিক অনিয়ম এবং বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ (৯ জুন) সংসদে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইতিমধ্যে ১২টি পৃথক ঘটনার অনুসন্ধান ও তদন্ত সম্পন্ন করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএসইসি কর্তৃক গঠিত ৫ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও কারসাজির কারণে সাধারণ বিনিয়োগকারীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান সরকার দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুঁজিবাজারে সুশাসন ফেরাতে কাজ করছে।

সংসদে অর্থমন্ত্রী জানান, সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে। বেক্সিমকো গ্রিন সুকুক এবং আইএফআইসি গ্যারান্টিড টাউনশিপ গ্রিন শ্রীপুর জিরো কুপন বন্ড ইস্যুতে অনিয়মের তদন্ত শেষে তাকে বাংলাদেশের পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রমে আজীবন নিষিদ্ধ ও স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচারের (মানি লন্ডারিং) অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। একই তদন্তের প্রেক্ষিতে বিএসইসির সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদকে ৫ বছরের জন্য বাজার কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে, আইএফআইসি গ্যারান্টিড টাউনশিপ গ্রিন শ্রীপুর প্রকল্পের অনিয়মের দায়ে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে পুঁজিবাজারের সমস্ত কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ এবং ১০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় আইএফআইসি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবন নিষেধাজ্ঞা ও ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ২০২৬ সালের ১৩ মে পর্যন্ত শেয়ার বাজার কেলেঙ্কারি ও কারসাজির ঘটনায় ১১৪টি অনুসন্ধান, ১২টি তদন্ত এবং ৬৪টি পরিদর্শন সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এই সময়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ১ হাজার ৪৯৬.৬৪ কোটি টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৬৭৫টি এনফোর্সমেন্ট অ্যাকশন নেওয়া হয়েছে এবং আরও তদন্তের জন্য ১৬টি বিষয় দুদকসহ অন্যান্য সংস্থায় পাঠানো হয়েছে।

বাজার কারসাজির দায়ে বেক্সিমকো লিমিটেড, মো. আবুল খায়ের হিরু এবং অন্যান্যদের যৌথভাবে রেকর্ড ৭০০.৬৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মিউচুয়াল ফান্ড পরিচালনার দায়িত্ব বাতিল করা হয়েছে এবং কোয়েস্ট বিডিসি অনিয়ম মামলায় প্রতিষ্ঠানটির একজন শীর্ষ নির্বাহীকে বাজার থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বেশ কয়েকজন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ক্রেডিট রেটিং এজেন্সিকেও শাস্তির আওতায় আনা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, রিং শাইন টেক্সটাইল, ফরচুন সুজ, একমি পেস্টিসাইডস এবং আল-আমিন কেমিক্যালের অনিয়ম নিয়ে পৃথক তদন্ত করা হয়েছে। কিছু ক্ষেত্রে কারণ দর্শানোর নোটিশের শুনানি শেষ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ দুদকে পাঠানো হয়েছে।

বেস্ট হোল্ডিংসের আইপিও সংক্রান্ত অনিয়মের বিষয়ে আদালতের স্থগিতাদেশ থাকায় কমিশন এই মুহূর্তে ব্যবস্থা নিতে পারছে না, তবে বিষয়টি দুদকে পাঠানো হয়েছে। এছাড়া কপারটেক ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং এবিজি লিমিটেডের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আরও পর্যালোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে বেশ কিছু নতুন বিধিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে—হুইসেলব্লোয়ার (তথ্যদাতা) সুরক্ষা প্রবিধানমালা, করপোরেট গভর্নেন্স প্রবিধানমালা, অডিট ফার্ম নিবন্ধন নীতিমালা এবং করপোরেট পুনর্গঠন নির্দেশিকা। এর পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি দেশব্যাপী পরিচালনা করা হচ্ছে।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত