×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কার্যকর উদ্যোগের অভাবে অস্থিরতা কাটছে না শেয়ারবাজারে

২০২৬ অক্টোবর ২৫ ১৫:১২:৫২

কার্যকর উদ্যোগের অভাবে অস্থিরতা কাটছে না শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক:জুন মাসেে আর্থিক বছর শেষ হওয়া প্রায় তিন শতাধিক কোম্পানির ডিভিডেন্ড মৌসুম এখন চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে, তবে তাতে বাজারে তেমন কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। চলতি সপ্তাহেই আরও প্রায় ২০০ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার যথাযথ নজরদারির অভাবের কারণে দরপতন কাটিয়ে শেয়ারবাজার এখনো উত্থানে ফিরতে পারছে না।

তাদের ভাষ্য অনুযায়ী, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ ও বাজার সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক। কিন্তু বর্তমান অস্থিরতা থেকে বাজারকে উত্তরণ ঘটাতে কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেই, ফলে বিনিয়োগকারীরা হতাশ হচ্ছেন। একই সঙ্গে ধারাবাহিক দরপতন বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা সংকট তৈরি করছে। ভবিষ্যতে বাজারের অবস্থা কী হবে তা নিয়ে না ভেবে বর্তমান অস্থিরতা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করছেন। অন্যথায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারাবে এবং এই পরিস্থিতি অব্যাহত থাকলে নিয়ন্ত্রক সংস্থা তথা বর্তমান কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। তাই বাজারের অস্থিরতা দূর করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে, আজ (২৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩২.৫৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬০.৬৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০১.৭৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৮৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৪টির দর বেড়েছে, ২৮৩টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫০২ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৭১ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮৬টির এবং পরিবর্তন হয়নি ১৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮১.৪২ পয়েন্টে। আগের দিন সূচক সিএএসপিআই ৬৬.৮১ পয়েন্ট বেড়েছিল।

আরিফ/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত