ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

সংকটের সময় জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

২০২৬ মে ৩০ ২৩:১১:৩২

সংকটের সময় জাতির হাল ধরেছিলেন জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতির প্রতিটি সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৩০ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশে জিয়াউর রহমানের অবদান ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। তার সততা, দায়িত্ববোধ, রাজনৈতিক দর্শন এবং জনগণকেন্দ্রিক কর্মকাণ্ড আজও মানুষের কাছে অনুসরণীয় উদাহরণ হয়ে আছে।

তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের আচরণ, জনসম্পৃক্ততা, দায়িত্বশীলতা এবং সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যেন তাদের কর্মকাণ্ডে শহীদ জিয়ার আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন দেখতে পায়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মন্ত্রী আরও বলেন, জনগণ একটি সৎ, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার প্রত্যাশায় বিএনপি সরকারকে দায়িত্ব দিয়েছে। সেই প্রত্যাশা পূরণে রাজনৈতিক কর্মীদের আরও সংযমী, দায়িত্বশীল এবং জনগণের প্রতি জবাবদিহিমূলক আচরণ করতে হবে।

তিনি বলেন, মাদক, কিশোর অপরাধ, সামাজিক বিশৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি অসৎ চক্র কাজ করছে। যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রশাসনকে সহায়তা করতে সহায়ক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

মন্ত্রী বলেন, সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ আশা ও আস্থার ভিত্তিতে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে সরকার বা দল বিতর্কের মুখে পড়ে।

তিনি আরও বলেন, কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত। দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় নিয়ে তিনি কাজ করে যেতে চান এবং সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, তিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলেই দেশ-বিদেশে একজন ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত তদারকি করছেন এবং দায়িত্ব পালনে অবহেলা দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। নেতৃত্বের এই সক্রিয়তা থেকে দলীয় নেতাকর্মীদের শিক্ষা নিয়ে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

তিনি নেতাকর্মীদের জনগণের সেবা, সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ