ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতো: স্পিকার

২০২৬ মে ৩০ ১৮:১৯:২৯

জিয়াউর রহমান বেঁচে থাকলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হতো: স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম মন্তব্য করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যদি অকালেই হত্যার শিকার হতে না হতো, তাহলে বাংলাদেশ আজ আরও সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারত। তিনি বলেন, দেশের মানুষের অনেক সমস্যার সমাধান তার নেতৃত্বে সম্ভব হতো।

শনিবার (৩০ মে) চারদিনের ভোলা সফরের শেষ দিনে সকালে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানকে এ দেশের মানুষ আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদী। তিনি মনে করেন, জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। একই সঙ্গে তিনি বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতা তারেক রহমানও দেশকে এগিয়ে নিতে সক্ষম হবেন বলে তাদের দৃঢ় প্রত্যাশা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জিয়াউর রহমান আজ আমাদের মাঝে না থাকলেও তার জাতীয়তাবাদী আদর্শ এখনো দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের সমর্থন নিয়ে চারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। পাশাপাশি তিনি বলেন, গত ১৬ বছরে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, তবুও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী। দেশের গণ্ডি পেরিয়ে তার নেতৃত্বগুণ আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। এ কারণে মুসলিম বিশ্বের নেতারা তাকে আল-কুদস কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করেছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, মুসলিম বিশ্বের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জিয়াউর রহমানের নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা ও অবদান নিয়েও স্মৃতিচারণ করেন স্পিকার।

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময়কালে ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান ও এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ