ঢাকা, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ মে ২২ ১০:১৬:০২

আগামীকাল ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে ময়মনসিংহের ত্রিশালে বইছে উৎসবের আমেজ। আর সেই উৎসবের মূল আকর্ষণ হয়ে শনিবার (২৩ মে) সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো জেলায় চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জা।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। নতুন সাজে সজ্জিত করা হয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগাবাড়ি এবং আশপাশের এলাকা।

প্রশাসন সূত্র জানিয়েছে, শনিবার দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে একটি সুধী সমাবেশে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।

এরপর দুপুর ২টায় তিনি ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন। পরে বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সফরের শেষদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও বইমেলা। ইতোমধ্যে সেখানে পাঁচ শতাধিক স্টল স্থাপন করা হয়েছে।

মূল অনুষ্ঠানস্থলে আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা এবং দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থাও করা হয়েছে। মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বৈলর, নজরুল একাডেমি মাঠ ও নজরুল অডিটোরিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী জানান, সফর উপলক্ষে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় সার্বক্ষণিক কাজ চলছে।

অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক মনে করছেন, জাতীয় এই আয়োজন ত্রিশালের উন্নয়ন সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে। পাশাপাশি সফরে প্রধানমন্ত্রী নতুন কোনো উন্নয়ন প্রকল্পের ঘোষণাও দিতে পারেন বলে আশা করছেন তারা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত