×

ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকতার নোবেল ‘পুলিৎজার পুরস্কার’ পেলেন যাঁরা

২০২৬ মে ০৫ ২০:৪৮:৩৬

সাংবাদিকতার নোবেল ‘পুলিৎজার পুরস্কার’ পেলেন যাঁরা

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্ব সাংবাদিকতায় সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি পুলিৎজার পুরস্কার-২০২৬ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে গাজার মানবিক সংকটের চিত্র তুলে ধরে আলোচিত হয়েছেন ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা, যিনি ‘ব্রেকিং নিউজ’ বিভাগে পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি ‘জাতীয় রিপোর্টিং’ ও ‘বিট রিপোর্টিং’ বিভাগে জয় পেয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

সাহের আলগোরা মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসে অবদানকারী (কনট্রিবিউটর) হিসেবে কাজ করেন বলে জানিয়েছে তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

পুরস্কার ঘোষণায় বলা হয়, গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের করুণ বাস্তবতা সাহের আলগোরার ছবিতে গভীর সংবেদনশীলতা ও বাস্তবতার সঙ্গে ফুটে উঠেছে। তাঁর কাজ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

অন্যদিকে, বিশেষ সম্মাননা পেয়েছেন যুক্তরাষ্ট্রের মায়ামি হেরাল্ডের সাংবাদিক জুলি কে. ব্রাউন। আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নির্যাতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনে তাঁর ভূমিকার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

পুলিৎজার বোর্ডের প্রশাসক মারজোরি মিলার বলেন, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময়েও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়েছে।

এবারের আসরে নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও শিকাগো ট্রিবিউনসহ শীর্ষ গণমাধ্যমগুলো বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে নিউইয়র্ক টাইমস একাই তিনটি বিভাগে জয়ী হয়েছে।

পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য ও সংগীতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। হাঙ্গেরীয়-মার্কিন সাংবাদিক ও প্রকাশক জোসেফ পুলিৎজারের স্মরণে ১৯১৭ সাল থেকে নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি প্রতিবছর এই পুরস্কার প্রদান করে আসছে, যা বিশ্বব্যাপী ‘সাংবাদিকতার নোবেল’ হিসেবে পরিচিত।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত