ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

ঘাটতি মেটাতে এক দিনেই ৫০ হাজার কোটি টাকা ধার করল সরকার

২০২৬ এপ্রিল ০২ ১৬:৫৬:২৫

ঘাটতি মেটাতে এক দিনেই ৫০ হাজার কোটি টাকা ধার করল সরকার

নিজস্ব প্রতিবেদক: বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থার ওপর সরকারের নির্ভরতা ক্রমশ বাড়ছে। বুধবার স্বল্পমেয়াদী ট্রেজারি বিলের একটি বিশেষ নিলামের মাধ্যমে এক দিনেই বাজার থেকে ৫০ হাজার কোটি (৫০ বিলিয়ন) টাকা সংগ্রহ করেছে সরকার। মূলত বৈশ্বিক অনিশ্চয়তা এবং ভূ-রাজনৈতিক উত্তজনা তৈরি করায় অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণের এই প্রবণতা ত্বরান্বিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিলামের ফলাফল অনুযায়ী, ট্রেজারি বিলের ওপর সুদের হার বেড়ে ৯.৮৮ শতাংশে দাঁড়িয়েছে, যা এর আগে ছিল ৯.৭৮ শতাংশ। একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ট্রেজারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ এই নিলামের কারণে বিলের সুদের হার কিছুটা বেড়েছে। তিনি আরও আভাস দিয়েছেন যে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে সরকারের বাজেট ব্যয়ের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এর ফলে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ ধাপে ধাপে আরও বাড়তে পারে।

অন্যদিকে, সরকারি ঋণ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানান, তুলনামূলক কম সুদে বাজেটের প্রয়োজনীয় ব্যয় মেটানোর লক্ষ্যেই এই অতিরিক্ত অর্থ সংগ্রহ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ট্রেজারি বিলের সুদের হার বাড়লেও তা এখনো কেন্দ্রীয় ব্যাংকের নীতি হারের নিচেই অবস্থান করছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি হার ১০ শতাংশে নির্ধারিত রয়েছে।

বর্তমানে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার জন্য চার ধরনের ট্রেজারি বিল প্রচলিত আছে, যেগুলোর মেয়াদ ১৪ দিন থেকে ৩৬৪ দিন পর্যন্ত হয়ে থাকে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদী ঋণের জন্য ২ বছর থেকে ২০ বছর মেয়াদী পাঁচ ধরণের সরকারি বন্ড বাজারে চালু রয়েছে। মূলত অর্থবছরের শেষ দিকে এসে উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক ব্যয় সামাল দিতেই অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার ওপর এই নির্ভরতা বাড়ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত