ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হতে যাচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিরা বিস্তারিত সংলাপে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মহল।
জাতিসংঘের পরমাণু কর্মসূচি তদারককারী সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছেন, আগামী রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই সংলাপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ইতালীয় দৈনিক করিয়েরে দেল্লা সেরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি তুলে ধরেন।
গ্রসি বলেন, এই সংলাপে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিস্থিতি ছাড়াও ইরানের পরমাণু প্রকল্প, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে সক্রিয় ইরান-সম্পর্কিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের নিরাপত্তা নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
ইরানের কাছে যুক্তরাষ্ট্র কী ধরনের অবস্থান চাইতে পারে, সে বিষয়েও আভাস দিয়েছেন আইএইএ প্রধান। তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি অনুকূলে না থাকায় ইরানকে আপাতত পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানানো হতে পারে। পরে পাঁচ বা দশ বছর পর এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রাখার কথাও আলোচনায় আসতে পারে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। যুদ্ধের প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে, ফলে তেল-গ্যাস সরবরাহে অনিয়ম দেখা দিয়েছে এবং অনেক দেশ ভোগান্তির মুখে পড়েছে।
বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির সম্ভাবনা খোঁজা হচ্ছে। এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদের মাধ্যমে তেহরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাবও পাঠিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই সংলাপে ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাও গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ