ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেখ হাসিনাকে ফেরাতে পাসপোর্ট ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদন নিয়ে অবস্থান স্পষ্ট করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে দেশে ফিরিয়ে আনতে নতুন করে কোনো পাসপোর্ট ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেড় হাজার মানুষ হত্যা করে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো পাসপোর্ট দেওয়া হবে না। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা হবে।
এর আগেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট ফেরত চাওয়ার দাবি হাস্যকর। হাজার হাজার মানুষ হত্যার পর তিনি পালিয়ে গেছেন। বন্দিবিনিময় চুক্তির আওতায় একজন খুনি ও সন্ত্রাসী হিসেবে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর সোমবার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তিনি এ আবেদন জমা দিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্টের জন্য লন্ডনভিত্তিক আইনি সহায়তা প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’
এ ছাড়া বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত আবেদন নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের আমল থেকে শুরু করে তারেক রহমানের সরকারের সময়েও এ বিষয়ে একাধিক কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত সেসব অনুরোধে সাড়া দেয়নি ভারত সরকার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ